ফিল্ডিং ব্যর্থতাকে দায়ী করলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবই যা একটু সফল। ছবি: শামসুল হক
আজ বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবই যা একটু সফল। ছবি: শামসুল হক

দ্বিতীয় দিন শেষে চোটের কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি সাকিব আল হাসান। তবে তৃতীয় দিন শেষে এলেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল খুলনা টেস্টে এককভাবে চালকের আসনে না থাকার কারণ হিসেবে ফিল্ডিং ব্যর্থতাকে দায়ী করলেন সাকিব। 
গতকাল আসেননি বলে সাংবাদিকদের সঙ্গে সাকিবের দুদিনের ‘গল্প’ জমে ছিল। স্বাভাবিকভাবেই সেঞ্চুরি উদযাপনের প্রসঙ্গ উঠল। এ ব্যাপারে সরাসরি কিছু না বলতে চাইলেও আকারে-ইঙ্গিতে বললেন, ‘যার উদ্দেশে করছি সে বুঝলেই চলবে।’ দেশসেরা অলরাউন্ডারের ব্যক্তিগত এ বিষয়টি যা বোঝার বুঝে নিন! ব্যক্তিগত বিষয় না হয় বাদ দেওয়া গেল। মাঠে আজ বাংলাদেশ দল কেন চালকের আসনে বসতে পারল না?
সাকিবের জবাব, ‘যে দু-একটা সুযোগ কাজে লাগাতে পারেনি, সেগুলোর জন্য অনেক মূল্য দিতে হয়েছে। পরবর্তী সময় যখন সুযোগ আসবে, তখন যেন সেগুলো নিতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে।’
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৮৯ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পরও চাপটা ধরে রাখা যায়নি। এ ব্যাপারে সাকিবের ব্যাখ্যা, ‘মধ্যাহ্নবিরতির পরই আমরা দ্রুত তিন উইকেট তুলে নিই। ওই সময়টা যদি ধরে রাখতে পারতাম! আমরা শেষ সেশনে ভালো বোলিং-ফিল্ডিং করিনি। শেষ সেশনে দুটি উইকেট নিতে পারলেও দিনটা আমাদের হতো। তবে এই উইকেটে এক সেশনে তিন উইকেট নেওয়াও কঠিন কাজ।’