ফিল্ডিংয়ে আজ কোন বাংলাদেশ?
বিশ্বকাপ অভিযান শেষ কালই। আজই হয়তো দেশের উদ্দেশে উড়াল দেবে শ্রীলঙ্কা দল। লঙ্কানদের সঙ্গেই উড়ে যাক না বাংলাদেশের মেলবোর্ন দুঃস্বপ্ন!
আজকের কোয়ার্টার ফাইনালের আগে মেলবোর্নে গ্রুপ পর্বের ম্যাচটি খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষেই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ভুলে যাওয়ার ম্যাচ সেটিই। দিলশান-সাঙ্গাকারার সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা, বাংলাদেশের বোলাররা ৫০ ওভারে নিতে পেরেছিলেন মাত্র ১টি উইকেট। ব্যাটসম্যানরা পরে পারেননি জবাব দিতে। তবে সব ছাপিয়ে ওই ম্যাচ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে আছে ফিল্ডিংয়ের কারণে। ফিল্ডিং তো নয়, যেন ছিল বিভীষিকা!
প্রথম ওভারেই মাশরাফি মুর্তজার বলে স্লিপে লাহিরু থিরিমান্নের সহজতম ক্যাচ ছেড়েছিলেন এনামুল হক। সেই থিরিমান্নে পরে করেন ফিফটি, তিলকরত্নে দিলশানের সঙ্গে উদ্বোধনী জুটি ছিল ১২২ রানের। মুমিনুল হক কুমার সাঙ্গাকারার যে ক্যাচটি ফেলেছিলেন, সেটি তো পারলে এনামুলকেও হার মানায়! তাসকিন আহমেদও ফলো থ্রুতে কঠিন ক্যাচ নিতে পারেননি সাঙ্গার। মুশফিকুর রহিম মিস করেছিলেন স্টাম্পিং। আরও বেশ কিছু উড়ন্ত বলকে ‘ক্যাচ মিস’ বলা যায়নি, কারণ বাংলাদেশের ফিল্ডাররা চেষ্টাই করেননি ধরার! এতগুলো ক্যাচ মিস করাই শুধু নয়, ওই ম্যাচটি ভুলে যাওয়ার মতো মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষার কারণেও। শুরু থেকেই যেন মাঠে থেকেও ছিলেন না বেশির ভাগ ক্রিকেটার।
বাংলাদেশ দলের জন্য সেটি অবশ্য নতুন কিছু ছিল না। ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের মতো ব্যাপারগুলোয় অনেক অনিশ্চয়তা থাকতে পারে। সব সময় সবকিছু নিজের হাতে নাও থাকতে পারে। ভালো সময়, বাজে সময় আসতে পারে। কিন্তু এই একটি ব্যাপার সব সময়ই থাকে নিজের হাতে। শরীরী ভাষা এবং ফিল্ডিং। এই একটি জায়গায় ধারাবাহিক না হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। ফিল্ডিং তো সব সময়ই ভালো হতে পারে! শরীরী ভাষাও সব সময় থাকার কথা চনমনে, ফুরফুরে। সবচেয়ে বড় কথা, শুধু ফিল্ডিংয়েই ক্রিকেট পরাশক্তি আর নব্য শক্তি বা তথাকথিত বড় দল-ছোট দলের ব্যবধান থাকার কথা নয়। পরিশ্রম, একাগ্রতা, ইচ্ছাশক্তি থাকলে, ফিল্ডিং উপভোগ করলে ফিল্ডিংয়ে বিশ্বসেরা হওয়া যায়। কিন্তু বাংলাদেশ ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও বরাবরই অননুমেয়। কোনো কোনো দিন দুর্দান্ত, কোনো দিন গড়পড়তা, কোনো দিন একদমই দৃষ্টিকটু। আজ মেলবোর্নে দেখা যাবে ফিল্ডিংয়ের কোন বাংলাদেশকে?
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ইয়ারা নদীতে গড়িয়েছে অনেক পানি। ওই দুঃস্বপ্ন ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়েছে কোয়ার্টার ফাইনালে উঠে। সেই মেলবোর্নেও তাই নতুন বাংলাদেশকে দেখার আশা করাই যায়!
সেদিনের মেলবোর্ন যেন না ফেরে আজকের মেলবোর্নে।