ফিল্ডিংয়ে বাংলাদেশের সেই পুরোনো রোগ

‘এ কী করলেন মাহমুদউল্লাহ!’ ভার্চুয়াল জগতে ট্রল হয়ে ওঠা সংবাদ শিরোনামটা ব্যবহার করা যেতেই পারে। তাসকিন আহমেদের বলে মিড অনে মাহমুদউল্লাহ যখন ক্যাচটা ছাড়লেন, বেন স্টোকসের রান ৬৯।
স্টোকসকে তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার পথটা আরও পরিষ্কার করে দিলেন মোশাররফ হোসেন। মাশরাফি বিন মুর্তজার বলে ক্যাচটা যখন তিনি ছাড়লেন স্টোকসের রান ৭১। বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ ছাড়ার এমন ছবি চোখে বিঁধল বেশ কবার। কখনো ‘সিটার’ ছাড়ছেন, কখনো ‘হাফ চান্স’। কখনো ভুল বোঝাবুঝিতে বল পড়ছে দুই-তিন ফিল্ডারের মাঝে, ‘নো ম্যান্স ল্যান্ডে’। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ ইংল্যান্ডও ছুড়ে দিয়েছে ৩১০ রানের চ্যালেঞ্জ।
আজ অন্তত তিনটি সহজ ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। আরও গোটা কয় হাফ চান্স তো ছিলই। ‘নো ম্যান্স ল্যান্ডে’ পড়া কয়েকটি বল হয়ে থাকল ফিল্ডারদের আত্মবিশ্বাসের ঘাটতির প্রতিচ্ছবি।
শুধু এই ম্যাচই নয়, আফগানিস্তান সিরিজেও ক্যাচ ছাড়ার মহড়া চালিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের প্রথম ওভারে স্লিপে মোহাম্মদ শাহজাদের ক্যাচ ছাড়েন ইমরুল কায়েস। শূন্য রানে ‘জীবন’ পাওয়া আফগান উইকেটকিপার ব্যাটসম্যান পরে আউট হন ৩১ রান। ৪০তম ওভারের শেষ বলে বাংলাদেশকে পরাজয়ের চোখ রাঙানি দেওয়া হাসমতউল্লাহ শাহিদির সহজ এক ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ।
দ্বিতীয় ওয়ানডেতে সহজ এক স্টাম্পিং হাতছাড়া করে সমালোচিত হন মুশফিকুর রহিম। প্রশ্ন উঠে যায়, উইকেটের পেছনে তাঁর ভূমিকা নিয়ে! সিরিজের শেষ ওয়ানডে জিতলেও ক্যাচ ছাড়ার প্রদর্শনী বজায় ছিল ঠিকই। অষ্টম ওভারে শফিউল ইসলামের বল নওরোজ মঙ্গলের ক্যাচ গ্লাভস-বন্দী করতে ব্যর্থ হন মুশফিক। ৩১তম ওভারে শফিউলের বলেই রশিদ খানের ক্যাচ ছাড়েন সৌম্য সরকার।
পুরোনো রোগটা আবারও জেঁকে বসেছে বাংলাদেশ দলে। আফগানিস্তান সিরিজে ক্যাচ হাতছাড়ার শিক্ষাটা এখনো কাজে লাগাতে পারেনি ফিল্ডাররা। বাজে ফিল্ডিংয়ের পরও আফগানদের বিপক্ষে না হয় কোনোভাবে বাঁচা গেছে। ইংলিশদের বিপক্ষে কি শেষ রক্ষা হবে?
অথচ এক সময় বাংলাদেশ সবচেয়ে দ্রুত উন্নতি করেছিল ফিল্ডিংয়ে। বাংলাদেশের ফিল্ডারদের ফিল্ডিং ধারাভাষ্য কক্ষে প্রশংসিতও হতো। এখন প্রশ্ন ওঠে। এক ওয়ানডেতে তিনটা সহজ ক্যাচ ফেললে উঠবেও। ক্যাচ ফেলা মানে শুধু ম্যাচ ফেলা নয়, দলের শরীরী ভাষাকেও নেতিবাচক স্তরে নামিয়ে ফেলা। সাকিব আল হাসান তো আজ একপর্যায়ে বিরক্তি লুকাতেই পারলেন না। খেপে গিয়ে কী যেন বললেনও কজন সতীর্থকে।
এর থেকে মুক্তির পথ যাঁদের খোঁজার কথা, নিশ্চয়ই তাঁদের নোটবুকে বিষয়টি লাল দাগে উঠে গেছে।