ফুটবলেও 'হ্যাটট্রিক' আছে মঈনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর হ্যাটট্রিকে শেষ ম্যাচ। ওভালের শততম টেস্টটি জিতল ইংল্যান্ড। এই ম্যাচের স্মারক তো সংগ্রহে রাখবেনই মঈন আলী l রয়টার্স
তাঁর হ্যাটট্রিকে শেষ ম্যাচ। ওভালের শততম টেস্টটি জিতল ইংল্যান্ড। এই ম্যাচের স্মারক তো সংগ্রহে রাখবেনই মঈন আলী l রয়টার্স

ক্রিকেটে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। তবে ফুটবলে এর আগে বেশ কয়েকটা হ্যাটট্রিক করেছেন মঈন আলী! শুনে একটু অবাক লাগতে পারে। ইংলিশ স্পিনার আবার ফুটবল খেলেন কবে থেকে? খুব সহজ উত্তর—অনুশীলনের আগে গা গরমের জন্য প্রায় সব দলের ক্রিকেটারই তো ফুটবল ম্যাচ খেলেন!

আসলে কথাটা রসিকতা করে বলা। ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিকের পর মঈন নিজেই মজা করে বলেছেন কথাটা, ‘কোনো ধরনের ক্রিকেটেই আমি এর আগে হ্যাটট্রিক করিনি। তবে গা গরমের ফুটবল ম্যাচে কিছু হ্যাটট্রিক করেছি। কিন্তু এটার অনুভূতি অন্য রকম, বেশ ভালো।’

অন্য রকম হওয়ারই কথা। শুধু ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকই নয় এটা, ওভালের ১৩৭ বছরের টেস্ট ইতিহাসেও এটাই প্রথম হ্যাটট্রিক। টেস্টে এ নিয়ে ১৪টি হ্যাটট্রিক হলো ইংল্যান্ডের, এর মধ্যে মঈন মাত্র চতুর্থ স্পিনার। ইংলিশ বোলারদের মধ্যে একমাত্র স্টুয়ার্ট ব্রডেরই টেস্টে দুটি হ্যাটট্রিক আছে। টেস্টে হ্যাটট্রিক করা সর্বশেষ ইংলিশ স্পিনার ছিলেন টম গডার্ড, সেটাও ৭৯ বছর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জোহানেসবার্গে।

দুই ইনিংস মিলিয়ে একটি সেঞ্চুরিসহ ১৪৩ রান, ৩ উইকেট। ওভালে ইংল্যান্ডের জয়ের মূল নায়ক অবশ্য বেন স্টোকস। তবে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার শেষ তিনটি উইকেট তুলে নিয়ে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন মঈনই। হ্যাটট্রিকটাও পেয়েছেন বেশ নাটকীয়ভাবেই। নিজের আগের ওভারের শেষ দুই বলে ডিন এলগার ও কাগিসো রাবাদাকে প্রথম স্লিপে বেন স্টোকসের ক্যাচ বানিয়েছেন। পরের ওভারের প্রথম বলেই মরনে মরকেলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করলেন। আম্পায়ার জোয়েল উইলসন প্রথমে সাড়া না দিলেও রিভিউ দেখে ঠিকই সিদ্ধান্ত বদলান।

শেষটা এত রোমাঞ্চকর হয়েছে বলেই আরও আনন্দিত ইংলিশ অধিনায়ক জো রুট, ‘শেষটা খুবই বিশেষ হয়েছে। একেবারে ওভালে শততম টেস্টের জন্য মানানসই। সব মিলিয়ে সপ্তাহটাও দারুণ গেল আমাদের।’

শেষটা আসলেই ‘বিশেষ’ হয়েছে। মঈনের হ্যাটট্রিকে শেষ হয়েছে টেস্ট ম্যাচ। এর আগে মাত্র তিনবারই ঘটেছে এমন। সর্বশেষটি প্রায় ৬০ বছর আগে। অস্ট্রেলিয়ার বাঁহাতি চায়নাম্যান বোলার লিন্ডসে ক্লাইন ১৯৫৭-৫৮ মৌসুমে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হ্যাটট্রিক করে শেষ করে দিয়েছিলেন কেপটাউন টেস্ট। হ্যাটট্রিকে টেস্ট শেষ হওয়ার প্রথম ঘটনাটিতেও ভুক্তভোগী দক্ষিণ আফ্রিকা। ১৮৯৫-৯৬ মৌসুমে পোর্ট এলিজাবেথে যা করেছিলেন ইংল্যান্ডের মিডিয়াম ফাস্ট বোলার জর্জ লোহ্‌ম্যান। এই দুটি ঘটনার মাঝখানে অস্ট্রেলিয়ান অফ স্পিনার হিউ ট্রাম্বলের (বিপক্ষ ইংল্যান্ড, মেলবোর্ন, ১৯০১-০২) দুই হ্যাটট্রিকের প্রথমটিও টেস্টের ইতি টেনেছিল। এএফপি।