রাত পোহালেই নামতে হবে বক্সিং ডে টেস্টে। বাঘের ডেরাতেই পড়তে হবে বাঘের সামনে। মেলবোর্নে হারলেই নিশ্চিত সিরিজ হার। ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট হারের নিজেদের রেকর্ড। হোবার্টে প্রথম ম্যাচে আড়াই দিনের মধ্যেই হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিয়ানরা কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি আরেকবার লজ্জায় অধোবদন হয়ে মাঠ ছাড়বে?
জেসন হোল্ডার আশাবাদী যে তাঁর দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। ক্যারিবীয় তরুণ অধিনায়কের বিশ্বাস, একটা ভালো পারফরম্যান্সই বদলে দিতে পারে সব, ‘ব্যক্তিগতভাবে আমি সব সময়ই উজ্জীবিত থাকি। আমি মনে করি মাত্র একটি ভালো পারফরম্যান্সই সবকিছু বদলে দিতে পারে। সব সময় নেতিবাচক ভাবলে হয় না। নিজেদের সেরাটা বের করার উপায় খুঁজতে হবে। মাত্র একটি ভালো দিন, আর তারপরই আমরা ঘুরে দাঁড়াতে পারি।’
বড়দিনের আগে চূড়ান্ত রকম আশাবাদীই লাগছে ক্যারিবীয় অধিনায়ককে। তবে বাস্তব কিন্তু পুরো উল্টো।
প্রথম টেস্টে বাজে হার। এরপর একমাত্র প্রস্তুতি ম্যাচে জেরোম টেলরের ফিল্ডিংয়ে অমনোযোগিতা, অন্যদিকে তাকিয়ে ক্যাচ মিস। এই সময়ের সেরা ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে বিগ ব্যাশে খেলা। সাবেকদের সমালোচনা, যাতে যোগ দিয়েছেন খোদ কোচ ফিল সিমন্স।। সব মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়াই ক্যারিবীয় শিবিরে।
উল্টো দিকে ফুরফুরে আবহ অস্ট্রেলীয় তাঁবুতে। মাত্রই আইসিসির বর্ষসেরা পুরস্কার জেতা অধিনায়ক স্টিভেন স্মিথ আছেন মধুর যন্ত্রণায়। চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান উসমান খাজা। আর সুস্থ হয়েই বিপদে ফেলেছেন অধিনায়ককে। চোটে পড়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি পাওয়া খাজাকে দলে নিতে কাকে বাদ দেওয়া হবে স্মিথ গলদঘর্ম তাই নিয়ে।
কোপটা পড়তে পারে শন মার্শ অথবা ওপেনার জো বার্নসের ওপর। হোবার্টে প্রথম টেস্টে ১৮২ রান করেছেন মার্শ। অন্যদিকে বার্নস উদ্বোধনী জুটিতে ভালোই সংগত দিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নারকে।
এমন মধুর যন্ত্রণায় পড়তে কোন অধিনায়কের না ভালো লাগে! রয়টার্স, ক্রিকইনফো।