ফুরফুরে ডি ভিলিয়ার্স, উদ্বিগ্ন হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে টানা তিনটি নকআউট ম্যাচ। কিন্তু দক্ষিণ আফ্রিকার সমস্যাই যে নকআউট ম্যাচ। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে নকআউট পর্বে গিয়েই খেই হারিয়ে ফেলা, চোকার তকমাটা ভালোভাবেই গায়ে সেঁটেছে প্রোটিয়াদের। আরেকটি বিশ্বকাপ যখন আসি আসি করছে তখন সেই দক্ষিণ আফ্রিকা টানা তিনটি ওয়ানডে জিতে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টানা তিন জয়কে দেখছেন বিশ্বকাপের নকআউট পর্ব পেরোনোর প্রস্তুতি হিসেবেই।
পরশু ইস্ট লন্ডনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে ৯ উইকেটে জেতার পর এবি ডি ভিলিয়ার্স টেনে আনলেন বিশ্বকাপকেই, ‘আমরা বলেছি বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিনটি ম্যাচ জিততে হবে। আমরা এখানে সেটাই করলাম।’
প্রতিপক্ষ অধিনায়ক অবশ্য বিশ্বকাপ নয় ভাবতে হচ্ছে বর্তমান নিয়েই। বাজে ব্যাটিংয়ের মূল্য দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানো। ওয়েস্ট ইন্ডিজের তরুণ অধিনায়ক জেসন হোল্ডার রীতিমতো ধুয়ে দিয়েছেন ব্যাটসম্যানদের, ‘আমরা খুবই খারাপ ব্যাট করেছি। পিচ কিছুটা মন্থর ছিল কিন্তু মোটেও বাজে ছিল না। আমরা যেভাবে ক্রিকেট খেলছি সেটা নিয়ে আমি উদ্বিগ্ন। আমার মনে হয় মাঝে মাঝে ভুলগুলো স্বীকার করে নিতে হবে।’
প্রথমবারের মতো কোনো সিরিজে দলকে নেতৃত্ব নেওয়া হোল্ডার ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চান সামনে, ‘ভুলগুলো থেকে যত দ্রুত শিক্ষা নিতে পারব উন্নতিটাও তত ভালো হবে। কিন্তু এখন মনে হচ্ছে আমরা বারবার একই ভুল করেই যাচ্ছি।’
ভুল থেকে শিক্ষা নিয়ে আনুষ্ঠানিকতার শেষ দুই ম্যাচ থেকে গর্ব করার মতো কিছু পাওয়াটাই এখন হোল্ডারের লক্ষ্য। ২৫ জানুয়ারি সিরিজের চতুর্থ ওয়ানডে পোর্ট এলিজাবেথে। এএফপি, রয়টার্স।