ফুলানো-ফাঁপানো হয়েছে শোয়েবের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব আখতার মনে করেন তাঁর কথাকে  ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে।
শোয়েব আখতার মনে করেন তাঁর কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে।

কী বোমাটাই না ফাটিয়েছিলেন শোয়েব আখতার! দানিশ কানেরিয়া হিন্দু তাই তাঁর সঙ্গে কয়েকজন সতীর্থ খেতে চাইতেন না, এমন দাবিই করেছিলেন পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার। ফল, গত কয়েক দিন ধরেই উত্তাল পাকিস্তানের ক্রিকেট। কানেরিয়া-কাণ্ডটা পাকিস্তানবিরোধীদের হাতেও দারুণ এক অস্ত্র তুলে দিয়েছে।

যার এক মন্তব্যে এতসব কাণ্ড সেই শোয়েব আজ বললেন তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ইউটিউবে আপলোড করা ভিডিওতে ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার বলেছেন তাঁর কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে।

রাত আড়াইটায় টুইটারে শোয়েব লেখেন, ‘আমার কথা কী বিভ্রান্তি সৃষ্টি করেছে তা আমি দেখেছি। আমার কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে, অপব্যাখ্যা করা হয়েছে। যেসব সমালোচনা করা হচ্ছে সেগুলোর প্রতিটির জবাব বিস্তারিতভাবে দিয়েছি। ইউটিউবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কী বলার চেষ্টা করেছিলাম।’

ভিডিওতে শোয়েব দাবি করেছেন পাকিস্তান দলে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখানোর সংস্কৃতি সব সময়ই ছিল, ‘যাই হোক না কেন প্রতিটি খেলোয়াড়কে সম্মান দেখাতে হবে—অলিখিত এই নিয়মটা চালু ছিল দলে। তবে কিছু খেলোয়াড় নিয়মটা মানতে চাইত না। এটা আমাদের আচরণবিধি নয়। মাত্র ১-২ জন খেলোয়াড় এমন করত। সারা বিশ্বেই এমন মানুষ পাওয়া যায় যারা কিনা বর্ণবাদী কিংবা জাতিগত বিদ্বেষী কথাবার্তা বলে বেড়ায়।’

শোয়েবের দাবি পাকিস্তানের সংস্কৃতিতে বর্ণবাদ বা জাতিগত বিদ্বেষের জায়গা নেই, ‘আমাদের সামাজিকভাবেই উচিত এ সবকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। আমি এই সমাজেরই অংশ এবং সেটিই করেছি। আমি বলেছি এভাবে কথা বললে (কানেরিয়ার ধর্মবিশ্বাস নিয়ে) একদম বের করে দেব। কারণ এ রকম করাটা আমাদের সংস্কৃতি নয়। আমরা জাতি হিসেবে এ ধরনের বৈষম্যমূলক চিন্তাভাবনাকে প্রশ্রয় দিতে পারি না। গত ১০-১৫ বছরে সমাজ হিসেবে আমাদের বেশ উন্নতি হয়েছে।’

এরপর কানেরিয়ার প্রশংসাও করলেন শোয়েব, ‘দানিশ পাকিস্তানকে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করেছে। দানিশ পাকিস্তানের হয়ে ১০ বছর খেলেছে। ’