ফেদেরারের মতো এগোতে চান মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আজ দুপুরে শ্রীলঙ্কায় রওনা হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মেয়েরা কি পারবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে? প্রশ্নটার উত্তর পরে। বাংলাদেশের আপাতত লক্ষ্য গ্রুপ পর্বের বৈতরণি পার হওয়া।
দুদিন আগে এই লক্ষ্যের কথা বলেছিলেন মেয়েদের নির্বাচক আতহার আলী খান। কাল সংবাদ সম্মেলনে কোচ ডেভিড ক্যাপেলও বলছেন একই কথা। উদাহরণ হিসেবে তিনি টানছেন কদিন আগে ১৮তম গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারের কথা, ‘পাঁচ দিনে চারটা ম্যাচ খেলতে হবে। খুবই ব্যস্ত সূচি। আমাদের এগোতে হবে ম্যাচ ধরে ধরে। অনেকটা ফেদেরারের মতো। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে একেকটা ম্যাচ ধরে এগোতে হয়েছে। আমাদের জয়ের অভ্যাস গড়তে হবে। জয় দিয়ে শুরু করতে পারলে সেটি ধরে রাখার চেষ্টা করব।’
৭, ৮, ১০ এবং ১১ ফেব্রুয়ারি পাপুয়া নিউগিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে সেরা তিনে থাকতে পারলে বাংলাদেশ উঠবে সুপার সিক্সে। এই পর্বের শীর্ষ চারে থাকতে পারলে বাংলাদেশ তবেই খেলতে পারবে বিশ্বকাপে। বাস্তবতা যা-ই হোক, অধিনায়ক রুমানা আহমেদ অবশ্য বড় স্বপ্নই দেখেন, ‘অবশ্যই আমরা স্বপ্ন (বিশ্বকাপের) দেখতে পারি। যাদের বিপক্ষে খেলব সবাইকেই আগে হারিয়েছি। এবারও আশাবাদী ভালো কিছু করব।’