ফেনী-নারায়ণগঞ্জ ফাইনাল-যুদ্ধ
২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনাল। কিন্তু আগের রাতের প্রবল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটা স্থগিত রাখে বাফুফে। ১১ দিন পর সেই ম্যাচটা আজ বিকেল ৫টায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই।
ভালো মাঠে উপভোগ্য এক ফাইনালই আশা আয়োজকদের। দুই দলের সাজ সাজ রব সেই আশাটা অনেক বাড়িয়ে দিচ্ছে। দুই দলই যেন উত্তেজনায় টগবগ করে ফুটছে। ১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে যেমন নারায়ণগঞ্জ ও ফেনীর দুই অধিনায়ক ট্রফি উঁচিয়ে ধরেছিল, কালও একই দৃশ্য। আবারও দুই অধিনায়কের মুখে ঝাঁজালো সব কথাবার্তা।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফেনীর অধিনায়ক ইফতেখার হোসেন বলল, ‘এই ফাইনাল জিততে আমরা উদ্গ্রীব হয়ে আছি।’ এই উদ্গ্রীব হয়ে থাকা কিশোরদের সমর্থন দিতে ফেনী থেকে অনেক সমর্থক ঢাকায় এসে গেছেন, আজও আসবেন। শোনা যাচ্ছে, স্থানীয় কয়েকজন সাংসদসহ ফেনীর অনেক ধনাঢ্য ব্যক্তি দলকে সমর্থন জোগাতে উপস্থিত হবেন গ্যালারিতে।
উত্তেজনায় ফুটতে থাকা নারায়ণগঞ্জ থেকেও অনেক সমর্থক আসছে খেলা দেখতে। তাদের খুশি করতে দলটির অধিনায়ক গোলরক্ষক অন্তর কুমার খুব আত্মবিশ্বাস নিয়েই বলল, ‘নারায়ণগঞ্জ কিন্তু ফুটবলের জেলা। আমরা ট্রফিটা নিয়েই এলাকায় যাওয়ার স্বপ্ন দেখছি।’