ফেবারিট কে - ভারত না পাকিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ জিতবে কারা? ফাইল ছবি
আজ জিতবে কারা? ফাইল ছবি

মিরপুরের আকাশে যেন ‘শান্তির পায়রা’ ওড়াওড়ি করছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। অথচ ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের শরীরের ভাষা দেখে তা বোঝার উপায় ছিল না। তবে মাঠে লড়াইয়ের বারুদ নিশ্চয়ই  ছড়াবে। এটি যে ভারত-পাকিস্তান লড়াই!

টস হয়ে যাওয়ার পরই বন্ধুত্বের বাণী ভুলে যাওয়ার কথা খেলোয়াড়দের। তো বন্ধুত্বের আড়ালে যুদ্ধ কিংবা যুদ্ধের আড়ালে বন্ধুত্বের ম্যাচে কে জিততে যাচ্ছে? কোটি টাকার প্রশ্ন (উড়িয়ে দেবেন না, নিশ্চিত থাকুন এই ম্যাচ নিয়ে বৈধ বাজিতেও কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে)। সে প্রশ্নের উত্তর এখনই পাওয়া না গেলেও অতীত রেকর্ডের সাহায্য নিয়ে আজকের ম্যাচের ফেবারিট খোঁজার চেষ্টা করা যেতেই পারে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের শিকার হয়ে সাম্প্রতিক সময়ে খুব কমই ভারত-পাকিস্তান ম্যাচ দেখা গেছে। টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা তো হাতের আঙুলেই গুণে ফেলা যায়। মাত্র ছয়টি ম্যাচ খেলেছে এই দুই দেশ।

টি-টোয়েন্টি তো আসলে রান আর চার-ছক্কার খেলা। প্রথমেই ব্যাটিংয়ের হিসেবটা হয়ে যাক। ৬ ম্যাচে মুখোমুখি হয়ে দুই দলের ব্যাটসম্যানরা পেয়েছেন ৪টি করে ফিফটি। এদের মধ্যে শুধু পাকিস্তানের মোহাম্মদ হাফিজই দুটি ফিফটি করতে পেরেছেন, বাকি ৬ ব্যাটসম্যান শুধু একবার করে ফিফটি পেয়েছেন। সবচেয়ে বেশি রান অবশ্য করেছেন ভারতের বিরাট কোহলি, ১৫০। সর্বোচ্চ স্কোরও তাঁর, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জেতানো অপরাজিত ৭৮ রানের এক ইনিংস খেলেছিলেন কোহলি। আর দুটি ফিফটি করা হাফিজের রান ১৪৭। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসও তাঁর, ৬১। কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইকরেটে সবচেয়ে এগিয়ে রোহিত শর্মা, ১৪৬.৩৪। অবশ্য ৫ ম্যাচে মাত্র ৬০ রান করায় এত ভালো স্ট্রাইকরেটের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। দলগতভাবে ভারতের সর্বোচ্চ ইনিংস ১৯২ আর পাকিস্তানের সর্বোচ্চ ১৮১। ব্যাটিংয়ে তাই এগিয়ে থাকল ভারত।


এবার নজর দেওয়া যাক বোলিংয়ে, দুই দলের বোলারদের মধ্যে উইকেট শিকারে এগিয়ে আছেন উমর গুল। এর আগের ৬ ম্যাচেই খেলা এই ডান হাতি পেসার ১১ উইকেট পেয়েছেন। তাঁর পরে আছেন ভারতের ইরফান পাঠান, ৬ উইকেট নিয়ে। সেরা বোলিংটাও পাকিস্তানের দখলে, ২০০৭ বিশ্বকাপে মোহাম্মদ আসিফের ১৮ রানে ৪ উইকেট এখনো দুই দলের সেরা বোলিং হয়ে আছে। আর ভারতের পক্ষে সেরা বোলিং ভুবনেশ্বর কুমারের, ৯/৩।

বোলিংয়ে তাহলে পাকিস্তানই এগিয়ে? না, এখানেই ভুল, ব্যক্তিগত হিসাবে পাকিস্তানের বোলাররা এগিয়ে থাকলেও, দলগতভাবে ভারতের বোলাররা এগিয়ে। ৬ ম্যাচে পাকিস্তানের বোলাররা মাত্র ২৯ উইকেট পেয়েছেন আর ভারতের বোলাররা নিয়েছেন ৪০ উইকেট।

দুই দলের ম্যাচের ফলেও তাই এগিয়ে আছে ভারত। টাই দিয়ে শুরু হওয়া টি-টোয়েন্টির এই দ্বৈরথের বাকি ৫ ম্যাচের ৪টিতেই জয়ী ভারত, পাকিস্তান জিতেছে কেবল ১টিতে। আজকের ম্যাচেও তাই ফেবারিট ভারত। তবে পাকিস্তানের পক্ষে একটি যুক্তি আছে, ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচের তিনটি ম্যাচই ছিল বিশ্বকাপে, আর বিশ্বকাপে পাকিস্তানের ভারত-ভাগ্য তো সবার জানা।

মিরপুরের আজকের ম্যাচটি বিশ্বকাপের নয়, এশিয়া কাপের। এতেই সাহস খুঁজে নিতে হবে আফ্রিদিদের, কারণ ইতিহাস যে উল্টো কথাই বলছে।