
নিজের দেশে টুর্নামেন্ট। সর্বশেষ এক-দেড় বছরে ওয়ানডেতে ইংল্যান্ড খেলছেও দুর্দান্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে ফেবারিট তকমাটা এউইন মরগানের দলের গায়ে লেগে গেছে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু আসলেই তারা কতটা ফেবারিট, মরগানরা সেটাও কিছুটা বুঝতে চান। আর সেটির জন্য ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর দলের চেয়ে ভালো প্রতিপক্ষ হয় নাকি! ওদিকে দক্ষিণ আফ্রিকাও তৈরি ফেবারিট ইংল্যান্ডের পরীক্ষা নিতে। তাতে নিজেদের সামর্থ্যেরও একটা পরখ হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তিন ম্যাচের এই দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ওয়ানডে আজ লিডসে।
সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে ভালোভাবেই হারিয়েছে ইংল্যান্ড। কিন্তু সত্যিটা হচ্ছে, দলীয় শক্তিতে ওয়েস্ট ইন্ডিজ বা আয়ারল্যান্ডকে কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করা যায় না। শুধু ওয়ানডের ১ নম্বর দল বলে নয়, ২০১৫ সালে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর টানা সাতটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে প্রোটিয়ারা। এর মধ্যে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজই ৫-০ ব্যবধানে! ইংল্যান্ড যতটা ফেবারিট চ্যাম্পিয়নস ট্রফিতে, দক্ষিণ আফ্রিকা তার চেয়ে একটুও কম নয় বোধ হয়।
ওয়ানডেতে দুই দলের সর্বশেষ সিরিজ দক্ষিণ আফ্রিকার জন্য দুর্দান্ত এক স্মৃতি। গত বছরের শুরুতে ২-০-তে পিছিয়ে গিয়েও দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। ইংল্যান্ড ওই সিরিজের পর নিজেদের আরও ঘষেমেজে ঠিক করেছে। সর্বশেষ ১২ মাসে ২১টি ওয়ানডে খেলে জিতেছে ১৫টিতেই, হার মাত্র ৪টি। ওয়ানডেতে জয়ের অনুপাতে এই সময়ে ইংল্যান্ডই সবার ওপরে। কিন্তু এত কিছুর পরও একটা জায়গায় দুর্বলতা থেকেই যাচ্ছে ইংল্যান্ডের। বড় উপলক্ষে এসে সেরাটা দিতে না পারা। গত দুই বছরের মধ্যেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মরগানের দল খেই হারিয়েছে। চাপের মুখে হেরে গেছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড সেই চাপ নিতে পারবে কি না, তা কিছুটা বোঝা যাবে এই সিরিজেও যদি ওরকম পরিস্থিতি তৈরি হয়। ক্রিকবাজ।