ফেরা হচ্ছে না পিটারসেনের

ট্রিপল সেঞ্চুরি করেও কেভিন পিটারসেন পারলেন না অ্যান্ড্রু স্ট্রাউসের মন গলাতে। ইংল্যান্ডের নতুন ক্রিকেট পরিচালক সরাসরিই ‘না’ বলে দিলেন পিটারসেনকে। পরশু সন্ধ্যায় পিটারসেনের সঙ্গে দেখা করেই স্ট্রাউস বলে দিয়েছিলেন, আপাতত ইংল্যান্ড দলে তাঁর জায়গা নেই। কাল সকালে ক্রিকেট পরিচালক হিসেবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও স্ট্রাউস জানিয়ে দিলেন তা।
তাহলে কি কেপির ইংল্যান্ড অধ্যায় পুরোপুরিই শেষ? স্ট্রাউস ভবিষ্যতের প্রশ্ন ভবিষ্যতের জন্যই তুলে রেখেছেন, ‘সে তো দলে নিষিদ্ধ নয়, তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না।’
গত অ্যাশেজের বিপর্যয়ের পর ঘোষণা দিয়েই পিটারসেনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিল ইসিসি। কিন্তু ইসিবির ভাবী চেয়ারম্যান কলিন গ্রেভস ‘দলে ঢুকতে হলে কাউন্টিতে রান পেতে হবে’ বলায় আশার আলো দেখেছিলেন পিটারসেন। আইপিএল না খেলে তাই খেলছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। পরশু ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি (৩৫৫*) করে নিজের কাজটাও করে রেখেছিলেন। কিন্তু তাতেও কাজ হলো না।
ক্রিকেট পরিচালক পদে স্ট্রাউস নিয়োগ পাওয়ার পরই অবশ্য এটি অনুমান করা গিয়েছিল। ২০১২ সালে অধিনায়ক স্ট্রাউসের সমালোচনা করে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকানদের কাছে পিটারসেনের পাঠানো টেক্সট মেসেজ ফাঁস হয়ে যাওয়ার পরই বিতর্কের শুরু। কাল সংবাদ সম্মেলনের শুরুতে স্ট্রাউস নিজেই পিটারসেনের প্রসঙ্গ তোলেন। বলেন, ‘তাঁর (কেপি) সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। নিজের রেকর্ড নিয়ে সে গর্ব করতে পারে। তবে কয়েক বছর ধরে তাঁর ও ইসিবির পারস্পরিক আস্থাটা ক্রমাগতই কমেছে। আর আমার ও কেভিনের মধ্যেও বড় ধরনের আস্থার অভাব আছে। বাস্তবতা হলো এটাই—আর ঠিক এই কারণেই আমরা আপাতত দলের স্বার্থেই তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
পরে স্কাই টিভিকে স্ট্রাউস জানান, পিটারসেনকে ইংল্যান্ডের ওয়ানডে দলের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। পিটারসেন তা গ্রহণ করেননি। এএফপি।