ফেরার অপেক্ষায় ট্রট
গত নভেম্বরে অস্ট্রেলিয়া থেকে যখন দেশে ফিরেছিলেন, ভেবেছিলেন আর কখনো ফেরা হবে না ক্রিকেটে। আর ক্রিকেটই বা কী, জীবনটাই তো তখন ছিল যন্ত্রণার আরেক নাম! তবে মানসিক অবসাদের সেই দুঃসহ দিনগুলোকে দ্রুতই পেছনে ফেলতে পেরেছেন। গত এপ্রিলেই ফিরেছেন ক্রিকেট মাঠে, জুনে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। জোনাথন ট্রট বলছেন, প্রস্তুত তিনি ইংল্যান্ডের হয়ে ফেরার জন্যও!
অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজে শর্ট বলে ট্রটের ভোগান্তি যখন জোগাচ্ছে হাসির খোরাক, তখনই জানা যায় মানসিক অবসাদের কথা। প্রথম টেস্টের পরই ভবিষ্যৎকে অনিশ্চয়তায় মাখিয়ে ফেরেন দেশে। তবে অনিশ্চয়তার সেই জাল থেকে বের হতে খুব বেশি সময় নেননি। জিতেছেন রোগের সঙ্গে যুদ্ধে। ওয়ারউইকশায়ারের হয়ে এই মৌসুমে এর মধ্যেই করেছেন চারটি সেঞ্চুরি।
স্বদেশি মার্কাস ট্রেসকোথিক, মাইকেল ইয়ার্ডিরাও অবসাদ কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো ‘সুস্থ’ হতে পারেননি। এদিক থেকে ট্রটের রোগজয় আরও সফল। বিবিসিকে বলেছেন, দেশের হয়েও তিনি ফিরতে প্রস্তুত, ‘ভীষণ চ্যালেঞ্জিং কিছু সময় গেছে, খুব কঠিন সময়। তবে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। ইংল্যান্ড দলে ফেরার কথা যদি বলেন, মাস খানেক বা মাস দুয়েক ধরেই আমি ফেরার জন্য প্রস্তুত। ক্রিকেট উপভোগ করছি দারুণভাবে।’
মানে, বল এখন নির্বাচকদের কোর্টে। নির্বাচকেরা ডাকলে খেলতে সমস্যা নেই ট্রটের। সমস্যা অন্য জায়গায়। অসুস্থতার আগে দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ট্রট। কিন্তু তিনি নেই বলে তো তিন নম্বর জায়গাটাও তাঁর অপেক্ষায় বসে নেই! তাঁর শূন্যতায় সুযোগ পেয়ে জায়গাটা নিজের করে নিয়েছেন গ্যারি ব্যালান্স, ৮ টেস্টে করেছেন ৩ সেঞ্চুরি ও ৩ ফিফটি, গড় ৬০.৭৫!
ট্রট নিজেও বাস্তবতা ভালোই বোঝেন। আপাতত মন তাই ওয়ারকউইকশায়ারের হয়ে পারফর্ম করায়, ‘বেশ কিছু দিন ধরেই ভালো বোধ করছি। ওয়ারউইকশায়ারের হয়ে গত দুটি মাস কেটেছে দুর্দান্ত। যতটা ক্রিকেট বাকি আছে আমার মধ্যে, চেষ্টা করছি যতটা সম্ভব ভালো খেলতে এবং দলকে জেতাতে।’ এএফপি।