ফেরার অপেক্ষায় সাকিব-মুশফিক
জয় অনেকটা ওয়াশিং পাউডারের মতো। দল জিতলে সব দাগ-ময়লা সাফ! কে কয়টি ক্যাচ ফেলল, কার পায়ের ফাঁক গলে কয়টি চার হয়ে গেল সব তখন ভুলে যেতে হবে। জয় উদ্যাপনে নয়তো বাধো বাধো ঠেকে।
কিন্তু কিছু ‘দাগ’ তো থেকেই যায়, যেসব ওয়াশিং পাউডারেও দূর হয় না। সে জন্যই সেগুলো ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়। ধর্মশালায় কাল হল্যান্ডকে হারানো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের পরও যেমন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ব্যাটিং কিছুটা উদ্বেগ ছড়াচ্ছে। খোদ প্রধান নির্বাচক ফারুক আহমেদ কাল মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘ব্যাটিংয়ে দলের দুই সেরা ব্যাটসম্যানের একসঙ্গে ফর্মে না থাকাটা চিন্তার বিষয়। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠলে ব্যাটিংয়ে তাদের সার্ভিস পাওয়া খুব জরুরি হয়ে পড়বে।’ প্রধান নির্বাচক অবশ্য আশাবাদী যে চূড়ান্ত পর্বের আগেই নিজেদের ফিরে পাবেন দুই ব্যাটসম্যান।
মুশফিক মাঝে হয়ে উঠেছিলেন দলের ব্যাটিং মেরুদণ্ড। বিপদে তাঁর ব্যাটই দেখাত সম্ভাবনার আলো। আর সাকিব তো কয়েক বছর ধরেই ব্যাট-বল হাতে আশা-ভরসার কেন্দ্রস্থল। কিন্তু ব্যাট হাতে গত কিছুদিনের ফর্ম দেখে দুজনের কাউকেই চেনা যাচ্ছে না।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপটা দুর্দান্ত কাটিয়ে এসেও ভালো ফর্ম ধরে রেখেছিলেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি। পরের দুই ম্যাচে ৬৫ ও ৪৯। তবে এরপর থেকেই তাঁর ব্যাটিংটা অনুজ্জ্বল। মাঝে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে একটা ফিফটি আর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করলেও ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১২ ইনিংসে মুশফিক সর্বোচ্চ করেছেন ২৮। কালকেরটিসহ টানা দশ টি-টোয়েন্টিতে ২, ৯, ২৬, ২৪*, ১৬*, ৪, ৪, ১২, ৪ ও ০।
ব্যাট হাতে সাকিব অনুজ্জ্বল আরও আগে থেকে। গত জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজে পরপর দুই ওয়ানডেতে ফিফটি। কিন্তু এরপর তিন সংস্করণের ক্রিকেটে ১৮টি ইনিংস খেলে সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৪৮। কালকের ম্যাচসহ টানা ১০টি টি-টোয়েন্টিতে মোট রান মাত্র ১৩৬। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৩২ এর মধ্যে সর্বোচ্চ ইনিংস। অনেক দিন পর ব্যাটসম্যান সাকিবকে কিছুটা ফিরে পাওয়া গিয়েছিল ওই ম্যাচেই।
সাকিব-মুশফিকের খারাপ সময় কাটিয়ে উঠতে না পারার কারণ হিসেবে টানা টি-টোয়েন্টি ক্রিকেট খেলার কথাই বললেন প্রধান নির্বাচক, ‘ফর্মে ফেরার জন্য টি-টোয়েন্টি মোটেও আদর্শ ক্রিকেট নয়। এখানে অনেক চাপ নিয়ে ব্যাটিং করতে হয়।’ ব্যাটিং অর্ডারে দুজনের জায়গা নিয়ে ক্রমাগত ‘গবেষণা’ও হতে পারে একটা কারণ। মাঝে তিন নম্বরে প্রায় নিয়মিত হলেও গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টিতে সাকিবকে খেলানো হলো ছয় নম্বরে। ওই সিরিজের পরের দুই ম্যাচ এবং এশিয়া কাপের প্রথম চার ম্যাচে নেমেছেন পাঁচে। এরপর আবার চারে ফিরেছেন এশিয়া কাপের ফাইনালে। মুশফিকেরও একই অবস্থা। কখনো চার, কখনো পাঁচ, কখনো নামছেন ছয়ে।
ধর্মশালার কন্ডিশনের মতো ব্যাটিং অর্ডারে নতুন জায়গাতেও তাই মানিয়ে নেওয়ার লড়াই চালাচ্ছেন মুশফিক-সাকিব। সবারই অপেক্ষা-লড়াইটা তাঁরা জিতে নেবেন ধর্মশালাতেই।