ফেরার চেষ্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবন্ত মানুষ বাঁচার জন্য খড়কুটোকেও অবলম্বন করে। গৌতম গম্ভীর অবলম্বন করলেন জাস্টিন ল্যাঙ্গারকে। থমকে যাওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে সচল করতেই অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ল্যাঙ্গারের শরণ নিলেন ভারতীয় ব্যাটসম্যান। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কোর্চার্সের প্রধান কোচ ল্যাঙ্গারের সাহচর্য পেতে অস্ট্রেলিয়ার পার্থে উড়ে গেছেন গম্ভীর। সেখানেই চালিয়ে যাচ্ছেন দলে ফেরার সাধনা। ২০১৩ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত বছর ইংল্যান্ড সফরে দলে ফেরেন গম্ভীর। দুই টেস্টে করতে পারেন মাত্র ২৫ রান, ফলে আবারও বাদ। গত বছর চ্যাম্পিয়নস লিগ চলাকালেই ল্যাঙ্গারের সঙ্গে কথা হয় কলকাতা নাইট রাইডার্সকে দুটি আইপিএল জেতানো অধিনায়কের। সেই সূত্রেই গম্ভীরের মনে হয়েছে ল্যাঙ্গারের সঙ্গে কাজ করলে ব্যাটিংয়ের ত্রুটি-বিচ্যুতিগুলো ঠিক করা যাবে। ২০১০ সালে প্রথম কোচ পার্থ সারথি শর্মা মারা যাওয়ার কিছুদিন পর উরাকেরি রমণের পরামর্শ নিয়েছিলেন গম্ভীর। ক্রিকইনফো।