ফেরার জন্য তৈরি অ্যাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাস্টন অ্যাগার
অ্যাস্টন অ্যাগার

গ্লেন ম্যাকগ্রার কাছ থেকে নাতির ব্যাগি গ্রিন ক্যাপ পাওয়ার দিনটা দেখে যেতে পারেননি নানা নালা হেওয়াউইশা। না-ফেরার দেশে চলে গেছেন তারও বছর দুয়েক আগেই। অথচ এই যে অ্যাস্টন অ্যাগারের ক্রিকেটার হয়ে ওঠা, এর পেছনে বড় প্রেরণা ছিলেন তাঁর নানা হেওয়াউইশা।

জন্মসূত্রে শ্রীলঙ্কান হেওয়াউইশা মাঝ বয়সে চাকরির সুবাদে স্ত্রী-কন্যাকে নিয়ে থিতু হয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তবে ক্যান্ডিতে ক্রিকেট খেলার দিনগুলো ভুলে যাননি কখনোই, কমেনি তাঁর ক্রিকেটপ্রেমও। তাঁরই কন্যা সোনিয়া আর অস্ট্রেলিয়ান জামাতা জন অ্যাগারের সন্তান অ্যাস্টন। নাতির মধ্যে ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে সব সময় উৎসাহ দিয়ে গেছেন হেওয়াউইশা। ১৭ বছর বয়সে অ্যাগার যখন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন, কী যে খুশি হয়েছিলেন হেওয়াউইশা! কিন্তু সবচেয়ে বড় খুশির দিনটাই দেখে যেতে পারলেন না!

বাঁহাতি স্পিনার—২০১৩ সালে টেস্ট অভিষেকের সময় এটুকুই ছিল অ্যাগারের পরিচয়। কিন্তু ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ব্যাট হাতে এমন এক কীর্তি গড়লেন, স্পিনার পরিচয় ছাপিয়ে ‘ব্যাটসম্যান’ হিসেবেই তাঁকে চিনল ক্রিকেট বিশ্ব! ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস! যেটি এখনো অভিষেকে ১১ নম্বর কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।

কিন্তু আসল কাজটা তো ছিল বল হাতে। সেখানে একেবারেই ব্যর্থ। ট্রেন্ট ব্রিজের পর ওই অ্যাশেজেই লর্ডস টেস্টেও খেললেন। দুই টেস্ট মিলিয়ে ৪ ইনিংসে মাত্র ২ উইকেট, গড় ১২৪.০০! ফলাফল, অ্যাগারের ক্যারিয়ার থেমে গেল ওই দুই টেস্টেই! ব্যাটসম্যান পরিচয়টাও দলে জায়গা পাকা করে দিতে পারল না।

সেই অ্যাগার প্রায় চার বছর পর আবার অস্ট্রেলিয়া দলে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আর কোচ ড্যারেন লেম্যানের কথাবার্তায় যা আভাস, তাতে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে জায়গা পাওয়াও প্রায় নিশ্চিত। বাংলাদেশের স্পিনবান্ধব কন্ডিশন, শেফিল্ড শিল্ডে গত মৌসুমে পারফরম্যান্স এসব তো বিবেচ্য ছিলই। বিবেচিত হয়েছে ব্যাট হতে অ্যাগারের দক্ষতাও। সম্ভবত এটাই ভারত সফরে ভালো করা স্টিভেন ও’কিফের চেয়ে এগিয়ে দিয়েছে অ্যাগারকে। প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে তরুণ মিচেল সোয়েপসনের চেয়ে এগিয়ে থাকার মূলেও ওই ব্যাটিংই। নইলে কি আর দেশ ছাড়ার আগে স্টিভেন স্মিথ বলেন, ‘আমার তো মনে হয়, সে আমাদের ব্যাটিং অর্ডারের প্রথম ছয়জনের একজন হতে পারে। ওর সেই সামর্থ্য আছে। সুযোগ পেলে আরও একবার সেই সামর্থ্যের প্রমাণ দিতে তৈরি অ্যাগারও। কাল মিরপুরে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আমি আমার ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। যদি সুযোগ পাই, ব্যাট হাতে কিছু রান করতে চাইব।’

সেই রানটা হবে অস্ট্রেলিয়ার জন্য বাড়তি পাওনা। তবে মূল দায়িত্বটা এবারও বল হাতে। দলে জায়গা ধরে রাখতে হলে যে ওই ভূমিকায় ভালো করার যে কোনো বিকল্প নেই, তা জানা আছে অ্যাগারেরও। মাঝখানে চার বছর অনেক কিছু শিখিয়েছে। টেস্ট ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার আগে অ্যাগার কথায় তাই বিচ্ছুরিত হচ্ছে আত্মবিশ্বাস, ‘যদি সুযোগ পাই, কীভাবে বল করতে হবে, সে সম্পর্কে আমার ভালো ধারণাই আছে। আমার অনুশীলনটা খুব ভালো হয়েছে। সম্ভাব্য যা কিছু করার, সবই করেছি। আমার মনে হয়, আমি নিজেকে ভালোভাবেই তৈরি করেছি।’

শেষ কথাটা মুশফিকরা সতর্কবার্তা হিসেবেও নিতে পারেন!