
ক্লাব ক্রিকেট দিয়ে ফেরার প্রক্রিয়া শুরু করছেন মাইকেল ক্লার্ক। ডিসেম্বরে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার অধিনায়ক দলের বাইরে। তবে তাঁকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অবশ্য বিশ্বকাপ খেলতে হলে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচের আগেই ফিট প্রমাণ করতে হবে নিজেকে। ক্লাব ক্রিকেট দিয়ে আগেভাগেই সেই পরীক্ষায় বসতে যাচ্ছেন ক্লার্ক। এই সপ্তাহের শেষে গর্ডনের বিপক্ষে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। এরপর আরও একটি সুযোগ পাবেন বাংলাদেশের বিপক্ষে আগামী বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচে। খেলবেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে এক বিবৃতিতে বোর্ড একাদশের হয়ে খেলার আগে সাবার্বসের হয়ে খেলাটাকে জাতীয় দলের ফেরার প্রক্রিয়ায় ইতিবাচক ধাপ হিসেবেই দেখছেন ৩৩ বছর বয়সী ক্লার্ক। রয়টার্স।