ফেরার লড়াই অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ লেখা যখন পড়ছেন, তার আগেই শুরু হয়ে যাওয়ার কথা হোবার্ট টেস্ট। তবে টিভি খুলে যদি দেখেন খেলা হচ্ছে না, সেটি প্রকৃতির দোষ। ম্যাচের প্রথম দুই দিনে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জেনেই আজ টসে নামার কথা ছিল স্টিভ স্মিথ ও ফাফ ডু প্লেসির। যে টসটাই হয়তো গড়ে দিতে পারে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ ও কোচ ড্যারেন লেম্যানের ভবিষ্যৎ!
২৮ বছর পর ঘরের মাঠে গ্রীষ্মের প্রথম টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। পার্থে ওই হারের পর স্মিথের অধিনায়কত্ব আর দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে গেছে। টানা ব্যর্থতার পরও মিচেল মার্শের দলে থাকা, নাথান লায়নের সর্বোচ্চ ব্যবহার না করা—সবই দেখা হচ্ছে আতশি কাচের নিচে। ১২ জনের দলে ক্যালাম ফার্গুসনের নাম থাকায় মার্শের বদলে তাঁর ঢুকে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্মিথও সে ইঙ্গিত দিয়েছেন, ‘বৃষ্টি বেশি হলে বাড়তি বোলার না-ও লাগতে পারে।’ আর গত কিছুদিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের যে দশা তাতে বাড়তি ব্যাটসম্যান নিয়েই নামার কথা স্বাগতিকদের। জ্যাকসন বার্ডের বদলে জো মিনির দলে ঢোকার পেছনে ব্যাটিং সামর্থ্যটাই প্রভাব ফেলেছে।
দক্ষিণ আফ্রিকার অবস্থা আবার উল্টো। ২০০৪ সালের পর এই প্রথম এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনকে ছাড়া খেলতে যাচ্ছে প্রোটিয়ারা। তবু প্রথম টেস্টটা জিতে এগিয়ে আছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম প্রোটিয়া বোলারদের রিভার্স সুইংকে পার্থক্য বললেও ডু প্লেসি সেটা মানতে চান না, ‘শুধু আমরাই সেটা (রিভার্স সুইং) করেছি বললে ভুল হবে। ওরা ২৫তম ওভারেই রিভার্স পেয়েছে। আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। ওরা বেশি উইকেট হারিয়েছে।’
হোবার্টে অবশ্য রিভার্স নয়, প্রথাগত সুইংয়েই ভরসা করতে হবে। বৃষ্টিভেজা সবুজ উইকেটে পেস আর সিমই ভরসা হওয়ার কথা। তাই চার পেসার নিয়ে নামার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা।
তবে সেটি সত্যি হয়েছে কি না, এতক্ষণে জেনে গেছেন! এএফপি, রয়টার্স।