ফেসবুক টুইটারে তারকা হতে চাচ্ছেন তরুণেরা: যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারকে সঙ্গে নিয়ে টিকটকে ভিডিও বানাচ্ছেন চাহাল। ছবি: টুইটার
পরিবারকে সঙ্গে নিয়ে টিকটকে ভিডিও বানাচ্ছেন চাহাল। ছবি: টুইটার

তারকাদের খবর পেতে আগে সবাইকে অপেক্ষায় থাকতে হতো। কোনো না কোনো উপায়ে কোনো দক্ষ সাংবাদিক তারকাদের কাছে যেতেন, অনেক চেষ্টার পর বের করে আনতেন অজানা কোনো কথা। এখন আর অত অপেক্ষায় থাকতে হয় না ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁদের সামনে দুয়ার খুলে দিয়েছে।

বিশ্বের সব তারকাই এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার নিয়ে ব্যস্ত। অনেকে তো আরেক ধাপ এগিয়ে ইউটিউবে নিয়মিত লাইভে আসছেন। সবার উদ্দেশ্যই এক, ভক্তদের কাছে যাওয়া। আরও বেশি জনপ্রিয় হওয়া। যুবরাজ সিংয়ের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা বনতে গিয়ে একটু বাড়াবাড়িই করছেন তরুণেরা। সেটাও তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই।

যশপ্রীত বুমরার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে তরুণদের সমস্যার কথা তুলে ধরেছেন যুবরাজ, ‘ওরা একটু বেশিই চেষ্টা করছে। এটা করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করছে। আমি অনেক খেলোয়াড়কেই দেখেছি বাস্তবে খুবই ভদ্র কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওদের দেখলে অন্য কিছু মনে হয়।’

২৬ বছর বয়স্ক বুমরাও স্বীকার করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়ার চেষ্টা সব তরুণের মধ্যেই দেখা যাচ্ছে। যুবরাজের সঙ্গে একমত হয়ে বলেছেন, ‘আমি দেখেছি তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের কাজের স্বীকৃতি চাইছে। তারা চায় মানুষ বলুক, ওরা ভালো। মানুষ কী বলছে তাতে বাস্তবতা বদলানো ঠিক না, এবং এতে কিছু যায় আসে না। নিজের মধ্যে বিশ্বাস থাকাটাই জরুরি।’

বুমরা ও যুবরাজের এ কথা দলের তরুণেরা কেমনভাবে নেবেন, সেটাই আলোচ্য। অবশ্য বুমরার চেয়েও অভিজ্ঞ যুজবেন্দ্র চাহালই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ব্যস্ত। নিয়মিত একের পর এক মজার ভিডিও বানাচ্ছেন, নিজের বাবা-মাকেও সে ভিডিওর অংশ বানিয়ে সমর্থকদের আনন্দ পাওয়ার ব্যবস্থা করছেন।