ফেসবুক–টুইটারে সাকিব-নাসুমদের নিয়ে প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াকে হারিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এর আগে ক্রিকেটের বাকি দুই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা হলেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা অধরাই ছিল।

দেশের মাটিতে আয়োজিত সিরিজে যে সেই জয়খরা ঘুচবে, সেটা নিয়ে আশাবাদী হওয়ার মানুষ খুব বেশি পাওয়া যায়নি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বসেছে বাংলাদেশ।

এই জয় দেশ ও বিদেশের হাজারো ক্রিকেটপ্রেমীকে চমকে দিয়েছে, উৎফুল্ল করেছে। আবার অনেকের কাছে জয়টা বাংলাদেশের মানসিক শক্তিরই প্রতিফলন।

এক অর্থে একটু কম শক্তিশালী দল নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। তাতেই বাজিমাত! দলে ছিলেন না তামিম ইকবাল বা মুশফিকুর রহিমের মতো পোড়খাওয়া যোদ্ধারা।

দলে না থাকলেও বাইরে থেকে দেশকে শুভকামনা জানাতে ভোলেননি দেশের ইতিহাসের দুই অন্যতম সেরা ক্রিকেটার। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দলকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল, ‘বাংলাদেশ দলকে অভিনন্দন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য। সিরিজের বাকি অংশের জন্য শুভকামনা।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও অভিনন্দন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল।’ মুশফিকের কাছে অবশ্য বড় হয়ে উঠেছে দলটার মানসিক শক্তি, ‘কী দুর্দান্তভাবেই না ফিরে এল বাংলাদেশ। কী দুর্দান্তভাবেই না দেখাল মানসিক শক্তি।’

বহির্বিশ্বের অনেক ক্রীড়া সাংবাদিক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের এই জয়ের।

অস্ট্রেলিয়ার সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব মেলিন্ডা ফারেলের কথাই ধরুন, নিজের দেশ হেরেছে, তাঁর জন্য কোনো ধরনের অজুহাত খুঁজতে যাননি তিনি। অভিনন্দিত করেছেন বাংলাদেশকে।

এর সঙ্গে বের করেছেন অস্ট্রেলিয়ার হারের সম্ভাব্য কারণগুলোও, ‘দুর্দান্ত একটা জয় বাংলাদেশের। শেষ দিকে এসে কাটার ডেলিভারিগুলো সামলাতে সমস্যা হয়েছে অস্ট্রেলিয়ার, ঠিক যেমন স্পিন সামলাতে সমস্যা হয়েছিল। বাংলাদেশি আক্রমণের কাছে একদম পাত্তাই পায়নি ওরা। এই ট্যুরে আসার আগে ছয়টা টি-টোয়েন্টি খেলে এসেছে ওরা, তাই মানিয়ে নিতে সমস্যা হয়েছে, এমনটা বলা যায় না।’

পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক, শ্রীলঙ্কার ড্যানিয়েল অ্যালেক্সান্ডারের কণ্ঠেও ঝরেছে শুভ বার্তা। সাজ সাদিক লিখেছেন, ‘টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশ হারাল অস্ট্রেলিয়াকে। আগের চার ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।’ ড্যানিয়েল অ্যালেক্সান্ডারও তা–ই, ‘বাংলাদেশকে অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়।’

আজ জয়ের ঘরে ‘দুই’ উঠলে এমন প্রশংসাবাণী আরও বাড়বে, সন্দেহ নেই!