ফেসবুকে সাকিবের ৪০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে সাকিবের ভক্তসংখ্যা পেরিয়ে গেছে ৪০ লাখ। ছবি: শামসুল হক
ফেসবুকে সাকিবের ভক্তসংখ্যা পেরিয়ে গেছে ৪০ লাখ। ছবি: শামসুল হক

বাংলাদেশের সবগুলো অঙ্গন মিলিয়েই সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি। এ তো জানা কথাই। কিন্তু শুধু ব্যক্তি নয়, বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের চেয়েও জনপ্রিয় হয়ে উঠেছেন সাকিব আল হাসান। তারই প্রমাণ মিলবে ফেসবুকে। সম্প্রতি ফেসবুকে সাকিবের অফিশিয়াল পেজে লাইক বা ভক্তসংখ্যা ৪০ লাখ পেরিয়ে গেছে। বাংলাদেশের আর কোনো তারকার ফেসবুক পেজে এত লাইক নেই। শুধু তা-ই নয়, এত লাইক নেই কোনো প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও!
আজ দুপুর ১২টা পর্যন্ত সাকিবের পেজের লাইক সংখ্যা ছিল ৪০ লাখ ১২ হাজার। তারকাদের মধ্যে লাইক সংখ্যায় সাকিবের সবচেয়ে কাছাকাছি আছেন সংগীত তারকা পড়শি। তাঁর পেজের লাইক সংখ্যা ২৫ লাখ ৭৫ হাজার। ব্যক্তি বাদে লাইক সংখ্যায় সাকিবের সবচেয়ে কাছাকাছি আছে বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল ফেসবুক পেজ। ক্রিকেট যে পুরো জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রে, ক্রিকেটই যে পারে পুরো জাতিকে সব বিভেদ ভুলিয়ে কাঁধে কাঁধ মেলাতে, সেটার একটা ধারণা মেলে মাত্রই কয়েক মাস আগে খোলা এই পেজের লাইক সংখ্যায়। ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার’ পেজটির লাইক সংখ্যা ৩৯ লাখ ৭৫ হাজার।
তারকাদের মধ্যে লাইক সংখ্যায় সাকিব ও পড়শির পর আছেন মুশফিকুর রহিম (২২ লাখ সাত হাজার), সংগীত তারকা তাহসান (১৯ লাখ ৯৮ হাজার), ক্রিকেটার নাসির হোসেন (১৮ লাখ ৩৭ হাজার) এবং এনামুল হক (১০ লাখ ২২ হাজার)। ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক প্রথম আলোর (৩৪ লাখ ৫২ হাজার)। এর পর আছে গ্রামীণফোন (২৭ লাখ ৫১ হাজার), নয়া দিগন্ত (২৭ লাখ ৪৮ হাজার) এবং বিডিনিউজ (২৭ লাখ ৩১ হাজার)।
শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও প্রচুর সংখ্যক ভক্ত সাকিবের পেজটিতে লাইক দিয়েছেন। যে সংখ্যাটিও চমকে দেওয়ার মতো। দেশে সাকিবের ফেসবুক ভক্তসংখ্যা প্রায় ৩০ লাখ, দেশের বাইরে ১০ লাখ। এঁদের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা আছেন। কিন্তু শুধু বাংলাদেশিরাই নয়, অন্যান্য দেশের ক্রিকেট-প্রেমীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে সাকিবের ভক্ত। ফেসবুকে ৪০ লাখ ভক্তসংখ্যা পেরিয়ে যাওয়ায় সাকিবের দেওয়া পোস্টে করা প্রচুর ভিনদেশিদের মন্তব্যেই এটা বোঝা যায়।
কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে কলকাতায় সাকিবের বিশাল একটা ভক্ত বাহিনী আছে।
সাকিব তাঁর পোস্টে কেবল বাংলাদেশের ভক্তদের কৃতজ্ঞতা জানিয়েছেন দেখেই হয়তো কলকাতার সায়ন্তন ঘোষ কিছুটা অভিমান ভরেই লিখেছেন, ‘কেকেআর ভক্তরাও তোমাকে অনেক ভালোবাসে। আমাদের কথা ভুলে যেও না! করব, লড়ব, জিতব রে!’ আকাশ মণ্ডল লিখেছেন, ‘তুমি একটা জিনিস ভুলে গেছ সাকিব। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে তোমার ভক্ত ছড়িয়ে আছে।’
সাবির শাইখ লিখেছেন, ‘সাকিব আমি ভারত থেকে লিখছি, আমি তোমার অনেক বড় ভক্ত।’ নীপা খান আনসা লিখেছেন, ‘আমিও একজন ভারতীয়। দুর্দান্ত খেলার জন্য সাকিবকে অনেক ভালোবাসি। আমি মনে করি প্রিয় দেশ বাংলাদেশের জন্য সাকিব সব সময় তার সেরাটা দেয়। তোমার জন্য শুভকামনা।’
কলকাতার বাইরেও যে সাকিবের ভক্ত আছে, তার প্রমাণ মিলবে প্রকাশ রেড্ডির মন্তব্যে, ‘আমি তোমার অনেক বড় ভক্ত। “শ্যাকিং”-এর ভক্ত। আমি অন্ধ্রপ্রদেশ হায়দরাবাদ থেকে লিখছি। তুমি ক্যালিসের মতো গ্রেট একজন অলরাউন্ডার হয়ে উঠেছ।’ শ্রীলঙ্কা থেকে দেবিন্দু দিলশান লিখেছেন, ‘হ্যালো সাকিব, আমি শ্রীলঙ্কা থেকে লিখছি। তুমি আমার পছন্দের সেরা অলরাউন্ডারদের একজন।’ পাকিস্তান থেকেও বেশ কজন ভক্ত মন্তব্য করেছেন সাকিবের পোস্টটিতে। সূত্র: ফেসবুক ও সোশ্যালবেকারস।