ফ্রেডির সেই রাত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ চলার সময়। ১৬ মার্চ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে। ম্যাচের পর রাতে হঠাৎই হোটেল থেকে অ্যান্ড্রু ফ্লিনটফ উধাও। কাউকে কিছু না বলে নৈশবিহারে যান সাগরে। পেডালো (প্যাডেলযুক্ত নৌকা) নিয়ে নেমেও পড়েন। চুপিচুপি গেলেও ঘটনাটা আর গোপন থাকেনি। ইংল্যান্ডের তখনকার কোচ ডানকান ফ্লেচার মদ্যপানের ঘটনা জেনে যাওয়ায় তাঁকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচ। গুনতে হয় জরিমানা। তখন কিছু না বললেও এত দিন পর ৩৬ বছর বয়সী ফ্লিনটফই খুলে বললেন সবকিছু।
আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক বলেছেন, ‘একাধিক কারণেই ওই নৌকা নিয়ে সাগরে যাওয়ার চিন্তাটা আমার মাথায় আসে। অদ্ভুত শোনাতে পারে—কিন্তু আমি জানতাম ইয়ান বোথাম কোনো একটা নৌকায় সাগরেই আছে। ভাবলাম, যাই বিফির (বোথামের ডাক নাম) সঙ্গে মদ্যপান করে আসি।’ ‘আমি যেহেতু সাঁতার জানতাম না, একটা কায়াক নিতে গেলাম। কিন্তু ওটার দাঁড় খুঁজে পেলাম না। তখনই একটা পেডালো নিয়ে নেমে পড়লাম পানিতে’—আরও বলেছেন ফ্লিনটফ।
পরদিন সকালেই ফ্রেডি বুঝতে পারেন কী কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছেন, ‘পরদিন সকালে আমি ঘুম থেকে উঠি। আমি বিছানাতেই ছিলাম। আমার শরীর তখনো ভেজা এবং পায়ে বালি লেগে ছিল। ঠিক তখনই দরজায় শব্দ। আমি মনে করেছিলাম পরিচ্ছন্নতাকর্মী হয়তো রুম পরিষ্কার করতে এসেছে। আমি বলি, ‘‘তুমি কি পরে আসবে?” কিন্তু তিনি ছিলেন কোচ। এবং ডানকান শুধু বললেন, “আমার রুমে এসো।” এএফপি।