বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান। কাল সকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার ব্যবসাপ্রতিষ্ঠানে এক সভা শেষে জানানো হয়েছে দলগুলোর মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করা এ প্রতিষ্ঠানগুলোর নাম। আর্থিক অনিয়ম ও বকেয়া দেনা পরিশোধ না করায় বিপিএলের আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি বাতিল করে এবার নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে নামে বিপিএল গভর্নিং কাউন্সিল।
তৃতীয় আসরের বিপিএলের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছে বেক্সিমকো গ্রুপ, মিডিয়াকম লিমিটেড, ডিবিএল গ্রুপ, সোহানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিবিএস কেব্লস, ব্লুজ কমিউনিকেশনস, এক্সিওম টেকনোলজিস, বেঙ্গল কমিউনিকেশনস, নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড, ইনডেক্স গ্রুপ ও ফাইবার অ্যাট হোম লিমিটেড।
সভার পর সংবাদ সম্মেলনে বিপিএল সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘আমাদের ইচ্ছে ছিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দিয়ে শুরু করব। কিন্তু সাড়া অনেক ভালো বলে হয়তো আগের মতো সাতটা দিয়েই শুরু করতে পারি।’ তবে এই সাতটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে পুরোনো কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে কি না এমন প্রশ্নে মল্লিক বলেছেন, ‘পুরোনো অনেকে যোগাযোগ করছে। কিন্তু পুরোনো সাতটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই আমাদের আর্থিক দেনা-পাওনার ব্যাপার আছে। আমাদের আইনি বিভাগ সেটা দেখছে। আমরা যখন চূড়ান্তভাবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো ঘোষণা করব, তার আগে পুরোনোরা যদি দেনা পরিশোধ করে তারপর আবেদন করে, বোর্ড তখন বিবেচনা করবে।’
বিপিএলের আগের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস অবশ্য বকেয়া শোধ করলেও সেই সুযোগ পাবে না। স্পট ফিক্সিংয়ের কারণে তারা আইসিসি থেকেই নিষিদ্ধ।
যাচাই-বাছাই শেষে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ চূড়ান্ত হতে পারে মালিকানা। প্রায় দুই বছর বিরতির পর আসছে নভেম্বরের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে শুরু হবে বিপিএলের তৃতীয় আসর।