ফ্র্যাঞ্চাইজি বাড়বে, না কমবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আগ্রহী প্রতিষ্ঠান ১১টি। পুরোনোদের মধ্যে রংপুর রাইডার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড পাওনা পরিশোধ করে দেওয়ায় তৃতীয় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে তারাও। কাল বিসিবি কার্যালয়ে বিপিএল-সংক্রান্ত এক সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তথ্যটা। সঙ্গে আভাস দিয়েছেন, এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আগের তুলনায় বাড়তে বা কমতেও পারে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় সব দেশেই দল হয় অঞ্চলভিত্তিক। বিপিএলের প্রথম দুই আসরেও সেটাই হয়েছিল। কিন্তু কাল বিসিবি কার্যালয়ে বিপিএল-সংক্রান্ত এক সভা শেষে বোর্ড সভাপতি যে ইঙ্গিত দিলেন, তাতে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় তৃতীয় বিপিএল থেকে এর চেহারা বদলেও যেতে পারে। তৃতীয় বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়তে পারে কি না—এমন এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘এমন যদি হয় বেশ কয়েকজন ভালো উদ্যোক্তা আছে, তাহলে আমরা দল বাড়াতেও পারি।’ আবার টুর্নামেন্ট শুরুর আগেই এবার বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজিদের সাড়ে ৫ কোটি টাকা জমা দেওয়ার শর্ত থাকছে বলে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না, ‘সাড়ে ৫ কোটি টাকা চাওয়ার পর যদি দেখা যায় টাকা জমা দিয়েছে পাঁচটি কোম্পানি, তখন আমরা কী করব?’ সে ক্ষেত্রে বিপিএলের দলগুলো অঞ্চলভিত্তিক হবে কি না সেটাই এখন প্রশ্ন। একটি সূত্র অবশ্য জানিয়েছে, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা ১০-এ নেওয়ার ইচ্ছা বিসিবির। দলগুলো তখন হতে পারে সিটি করপোরেশনভিত্তিক।
প্রথম বিপিএল থেকে বিসিবির আয় হয়েছিল ২২ কোটি টাকার মতো। দ্বিতীয় বিপিএলে লাভের অঙ্ক প্রায় ১৬ কোটি। তারপরও আর্থিক অনিয়মের কারণে দুটি বিপিএলই হয়েছে চরম বিতর্কিত। বিসিবি তাই এবার শুরু থেকেই সাবধানে পা ফেলছে। খেলোয়াড়দের টাকার নিশ্চয়তা নিয়েই মাঠে বল ফেলতে চাচ্ছেন বোর্ড সভাপতি, ‘আগামী ৩০ আগস্ট বা ১ সেপ্টেম্বর ১ কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে ৪ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের চিঠি দেওয়া হবে। ব্যাংক গ্যারান্টির টাকাটা হবে প্লেয়ার্স পেমেন্টের। এই সাড়ে ৫ কোটি টাকা পেলে আমাদের আর কোনো ঝুঁকি থাকে না। বিদেশি ও স্থানীয় সব খেলোয়াড়ের খরচ এতে হয়ে যায়।’
তবে সাড়ে ৫ কোটি টাকার নিশ্চয়তা দিলেই যে ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়া যাবে, সে রকম কোনো কথা নেই। ‘এটা দেওয়ার পর আমরা যাচাই-বাছাই করে দেখব কাদের ফ্র্যাঞ্চাইজি দেওয়া যায়’—বলেছেন সভাপতি। যাচাই-বাছাইয়ে প্রাধান্য পাবে আগ্রহী প্রতিষ্ঠানদের খেলার প্রতি আগ্রহও, ‘বিপিএলটাকে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি ব্যবসা হিসেবে নিয়েছিল। এখন আর সেটা হবে না। যাদের আর্থিক ভিত্তি ভালো, খেলাধুলায় আগ্রহ আছে, আগেও বিভিন্ন টুর্নামেন্টে পয়সা খরচ করেছে বা স্পনসর করেছে, ক্রিকেটের স্বার্থে বিনিয়োগ করতে চায়, তাদেরই রাখব।’
রংপুর পাওনা মেটালেও বোর্ড সভাপতি জানিয়েছেন, বাকি পাঁচ পুরোনো ফ্র্যাঞ্চাইজির কাছে সব মিলিয়ে বিসিবির পাওনা প্রায় ৩৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে দুই বিপিএল মিলিয়ে সবচেয়ে বেশি প্রায় সাড়ে ৮ কোটি টাকা পাওনা সিলেট রয়্যালসের কাছে। তবে পুরোনোদের ফিরে আসার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। ২৭ আগস্টের মধ্যে সব পাওনা পরিশোধ করলে তৃতীয় বিপিএলের বিবেচনায় থাকবে তারাও।
এবারের বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ৩০ লাখ টাকা; বিদেশি খেলোয়াড়দের জন্য অঙ্কটা ৭০ হাজার ডলার। প্লেয়ার্স বাই চয়েসের জন্য তিন শ্রেণিতে দেশি ও বিদেশি খেলোয়াড়দের তালিকা দেবে বিসিবি। তালিকা থেকে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। তালিকার বাইরে থাকা বিদেশি খেলোয়াড়েরাও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। তবে সেসব খেলোয়াড়ের টাকাপয়সার দায়দায়িত্ব বিসিবি নেবে না।
পাঁচ ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির পাওনা
সিলেট রয়্যালস : প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা
খুলনা রয়েল বেঙ্গলস : প্রায় ৮ কোটি ১৯ লাখ টাকা
চিটাগং কিংস : প্রায় ৭ কোটি ৪৫ লাখ
বরিশাল বার্নার্স : প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা
দুরন্ত রাজশাহী : প্রায় ৬ কোটি ৯ লাখ টাকা
মোট পাওনা : প্রায় ৩৬ কোটি ৮১ লাখ টাকা