বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হওয়ার কথা ছিল গত ২০ সেপ্টেম্বর। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে জাতীয় দলের খেলোয়াড়েরা ব্যস্ত থাকবেন বলে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিএল খেলতে রাজি হয়নি। বিসিএলের পরিবর্তে তখন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু করে দেয় বিসিবি। তখন স্থগিত থাকা বিসিএল অবশেষে মাঠে নামছে ২০ জানুয়ারি।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে এবারও জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না। তারপরও কেন ফ্র্যাঞ্চাইজিগুলো রাজি হচ্ছে খেলতে? ফ্র্যাঞ্চাইজির প্রধান সমন্বয়ক ও ওয়ালটন কর্মকর্তা উদয় হাকিম বলেছেন, দেশের ক্রিকেটের স্বার্থেই তাঁরা খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমরা আগের জায়গা থেকে সরে এসেছি। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া যদি বিসিএল হয় আমাদের আপত্তি নেই। এটি হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করার পাইপলাইন।’
তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাজি হওয়ার আসল কারণটা হচ্ছে, এ বছর টানা সিরিজ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের খেলোয়াড়দের আশায় থাকলে এই মৌসুমে বিসিএল হয়তো হবেই না। বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সাইফুল আলম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো বিষয়টি বুঝতে পেরেছে। নিউজিল্যান্ড থেকে ফিরেই কিছুদিনের মধ্যে বাংলাদেশ দল চলে যাবে ভারতে। মার্চে শ্রীলঙ্কা সফর। সফরের ফাঁকে জাতীয় দলের খেলোয়াড়েরা যদি সময় পায় তবে খেলবে।’
শুরুর তারিখ ঠিক হলেও এখনো পুরো সূচি তৈরি হয়নি বিসিএলের। এমনকি খেলোয়াড় তালিকাও করা হয়নি। তবে ১১ জানুয়ারি খেলোয়াড় তালিকা প্রকাশ করা হতে পারে। অবশেষে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত হলেও নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাঠ। আজ থেকে ঢাকা ও ঢাকার আশপাশের মাঠগুলো ব্যস্ত হয়ে পড়বে প্রথম বিভাগ ক্রিকেটে। মাঠ-সমস্যার সমাধানে বিসিএলকে গতবারের মতো এবারও ঢাকার বাইরে নিয়ে যাওয়ার চিন্তা আছে বিসিবির। ফ্র্যাঞ্চাইজিগুলোর এতে আপত্তি নেই বলেই জানা গেছে।