ফ্লিনটফের দ্বিতীয় ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লিনটফ
ফ্লিনটফ

৭৯ টেস্টে ৩১.৭৮ গড়ে ৩৮৪৫ রান। বল হাতে ৩২.৭৯ গড়ে ২২৬ উইকেট। ওয়ানডের পরিসংখ্যানটাও প্রায় একই রকম। ব্যাট হাতে ৩২.০১ গড়ে ৩৩৯৪ রান, বোলিংয়ে ২৪.৩৮ গড়ে ১৬৮ উইকেট। কিন্তু নিরেট কিছু সংখ্যা দিয়ে আসলে কখনোই বোঝানো যাবে না ম্যাচ বদলে দেওয়ার কতটা সামর্থ্য ছিল অ্যান্ড্রু ফ্লিনটফের। বোঝা যাবে না কেন তাঁকে ইয়ান বোথাম-পরবর্তী যুগে ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বলা হয়। একটুও ধারণা পাওয়া যাবে না কতটা বর্ণাঢ্য চরিত্র ছিলেন ‘ফ্রেডি’!
পরিসংখ্যানের এই অক্ষমতা ঘুচিয়ে আসল ফ্লিনটফকে চেনানোর জন্যই যেন এই বইটি। যেটির নাম সেকেন্ড ইনিংস—মাই স্পোর্টিং লাইফ। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি ফ্লিনটফের আত্মজীবনী। যাতে সাবেক ইংলিশ অলরাউন্ডার লিখেছেন ক্রিকেট ও ক্রিকেট-পরবর্তী জীবনের রোমাঞ্চকর সব কথা।
এমনিতে অবশ্য বইয়ের বিক্রি বাড়াতে আত্মজীবনীতে চটকদার ও বিতর্কিত অনেক কথাই লেখেন তারকারা। সেসবের সত্য-মিথ্যা নিয়েও পরে প্রশ্ন উঠতে দেখা যায়। ফ্লিনটফ সম্ভবত সে পথে হাঁটেননি। প্রমাণ মিলবে ডেইলি মেইল-এ প্রকাশিত চুম্বক অংশ পড়লেই। নিজের ক্রিকেট-দর্শন নিয়ে ফ্লিনটফ যেমন লিখেছেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু ওটার কথা ভেবে প্রতিদিন রোমাঞ্চিত হই না। প্রতিদিন বসে বসে নিজের সেই সময়গুলোর কথা ভাবা, এটা সম্ভব নাকি? নিজেকে নিয়ে আমার যেটুকু প্রত্যাশা ছিল, আমি সেটা ছাড়িয়ে গেছি। আমি ক্রিকেটের কিংবদন্তিদের একজন নই, কিন্তু আমি কখনো সে রকম কেউ হব বলেও ভাবিনি। আমি যেটুকু হয়েছি, সেটাই ঠিক আছে।’
এই যে নিজেকে ‘মহান’ না করে তোলার চেষ্টা, এটাই বা কতজনের আত্মজীবনীতে থাকে?

.
.

এখানেই শেষ নয়, ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্কটা বোঝাতে গিয়ে লিখেছেন, ‘ক্রিকেট আমাকে অনেক বিনিদ্র রাত উপহার দিয়েছে। ডেভিড লয়েড (সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ) আমাকে একবার বলেছিলেন, “ক্রিজে যাওয়ার আগ পর্যন্ত কখনো হেলমেট পরবে না। সবাইকে তোমার চোখ দুটো দেখতে দাও। এমনভাবে হেঁটে যাও যাতে মনে হয় এটা তোমার রাজ্য। তুমিই এই জায়গাটার মালিক।” আমি সব সময় সেটাই করেছি। কিন্তু সত্যিটা হচ্ছে আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার রাজ্য। যা করেছি সবই অভিনয়। আমি খুব ভয়ে থাকতাম।’
এই ক্রিকেট ছাড়ার পর তাঁর মধ্যে বয়ে চলা ক্রিকেটার ও ব্যক্তিসত্তার দ্বন্দ্বের কথাটাও লিখেছেন, ‘ক্রিকেট আমার জীবনটাকে একটা ছকে রেখেছিল। ওটা ছাড়া জীবনকে লক্ষ্যহীন মনে হচ্ছিল।’ যে স্লেজিং নিয়ে ক্রিকেটে কিছুদিন পর পরই বিতর্ক শুরু হয়, সেটা নিয়ে ফ্লিনটফের ভাবনাটা শুনুন, ‘আমিও ক্যারিয়ারে অনেককে অনেক কথা বলেছি, যেটা ভেবে এখন বিব্রত হই। তবে সেগুলোর সংখ্যা খুব অল্প যে আমার সব মনে আছে। কিছু কিছু স্লেজিং আছে খুব খারাপ। যেমন মাইকেল ক্লার্ক যেটা বলেছিল জেমস অ্যান্ডারসনকে (হাত ভেঙে দেওয়ার কথা)। খুব দুঃখজনক।’
এটুকু পড়ে মনে হতে পারে ফ্লিনটফ বুঝি স্লেজিং-বিরোধী। তাহলে পরের কথাগুলো শুনুন, ‘আমাকে ভুল বুঝবেন না। কিছু স্লেজিং আছে দারুণ মজার। ওয়ার্ন সেটা ভালো করতে পারত, তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভালো ছিল গিলক্রিস্ট। ওর মুখ কখনোই থামত না। কিন্তু সে কখনো অবমাননাকর কিছু বলত না, কোনো ব্যক্তিগত আক্রমণ করত না। ম্যাকগ্রা আবার একটু অন্য রকম ছিল। ও নিজেকে নিয়ে মাঝে মাঝে হতাশ হয়ে পড়ত এবং নানা রকম কথাবার্তা বলত।’ ডেইলি মেইল।