ফ্লেচারের ওপর শাস্ত্রী!

ধারাভাষ্যে ছিল কিছু সাহসী উচ্চারণ। কড়া সমালোচনা। পত্রিকায় লেখা কলামে ভারতীয় দলের পারফরম্যান্সকে বলেছিলেন ‘জঘন্য’। সংশয় নিয়ে লিখেছিলেন, ‘দেখা যাক, দল প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি কি না।’ সেই দায়ভারটাও এসে চাপল তাঁর কাঁধেই। ইংল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের ডিরেক্টর অব ক্রিকেট করা হয়েছে রবি শাস্ত্রীকে। পাশাপাশি প্রধান কোচ ডানকান ফ্লেচারও চালিয়ে যাবেন দায়িত্ব! প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘ডানকান ফ্লেচার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন আর ভারতীয় দলকে দেখভাল করবেন ও পথ দেখাবেন রবি শাস্ত্রী।’
চমকজাগানিয়া এই পরিবর্তনের পালায় ওলট-পালট হয়ে গেছে ভারতীয় দলের কোচিং সেটআপ। এই ওয়ানডে সিরিজের জন্য ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বোলিং কোচ জো ডয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে। সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার ও সাবেক ভরত অরুণকে পাঠানো হচ্ছে সহকারী কোচ করে। সাবেক হায়দরাবাদ বাঁহাতি স্পিনার ও জাতীয় ক্রিকেট একাডেমি কোচ রামাকৃষ্ণাণ শ্রীধর এই সিরিজের ফিল্ডিং কোচ।
দুঃসময়ে শাস্ত্রীর দ্বারস্থ হওয়া এবারই পথম নয় বিসিসিআইয়ের। ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিব্রতকর বিদায়ের পর বাংলাদেশ সফরে ক্রিকেট ম্যানেজার করা হয়েছিল সাবেক বাঁহাতি অলরাউন্ডারকে। সেটি ছিল মূলত প্রধান কোচের দায়িত্বই। এবার প্রধান কোচ থাকছেন বলেই আরও বিস্ময়কর শাস্ত্রীর নিয়োগ। বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল ইএসপিএনক্রিকইনফোকে যা বলেছেন, তাতে শাস্ত্রীই এখন দলের সবকিছু, ‘দল এখন রবি শাস্ত্রীর সঙ্গে। এটি এখন ওর “বেবি।” ওই সবকিছু সামলাবে।’
ক্রিকইনফো জানাচ্ছে, শাস্ত্রীকে নিয়োগ দেওয়ার ভাবনা ছিল এই প্যাটেলেরই। শাস্ত্রীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে বোর্ডের কাছে প্রস্তাব করেছিলেন প্যাটেল। দায়িত্ব নিতে রাজি হওয়ায় শাস্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন বিসিসিআই সচিব, ‘ভারতীয় দলের স্বার্থে তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিতে রাজি হওয়ায় শাস্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই হবে। আমি ওকে বলেছিলাম, “এটা কঠিন এক চ্যালেঞ্জ, রবি”। সে উত্তর দিয়েছে, ‘অবশ্যই সঞ্জয়, কোনো একটা উপায় আমরা বের করতে পারি!’
শাস্ত্রীর সুনির্দিস্ট দায়িত্ব কী হবে? ফ্লেচারের ভূমিকাই বা এখন কী হবে? বোর্ড সেটা ছেড়ে দিয়েছে এই দুজনের ওপরই, জানালেন প্যাটেল, ‘দলের যা প্রয়োজন, সবকিছুই করবেন শাস্ত্রী। দায়িত্বের বিভাজনটিও ওরা দুজন মিলে ঠিক করে নেবে।’
গত এপ্রিলেই ফ্লেচার, পেনি ও ডয়েসের মেয়াদ নবায়ন করা হয়েছিল। ভারতে তিনজনেরই ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলা যায়। গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দারুণ আলোচিত হন বাঙ্গার। অরুণ গত দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন ভারতের কোচ। জাতীয় ক্রিকেট একাডেমির কোচ শ্রীধরও ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ, কিংস ইলেভেনের ফিল্ডিং কোচ।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠলেও প্যাটেল জানিয়েছেন, বোর্ডের পূর্ণ সমর্থন আছে ধোনির প্রতি। ক্রিকইনফো।