
দেশের মাটিতে আগের বিশ্বকাপ জিতেছে ভারত। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে কি শিরোপা ধরে রাখতে পারবে তারা? স্টিভেন ফ্লেমিং কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের ফেবারিট মনে করছেন না। ভারত শেষ চারে খেলবে কি না, সেটি নিয়েই সন্দিহান সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।
কিন্তু ফ্লেমিং ধোনিদের সম্ভাবনা কেন কম দেখছেন? আইপিএলের দল চেন্নাই কিংসের এই কোচের যুক্তি, আগেরবার দেশের মাটিতে খেলে ভারত যে সুবিধা পেয়েছিল, এবার সেই সুবিধা নেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ‘আমার শীর্ষ চার দলের নাম বলছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, কারণ তারা নিজেদের মাটিতে খেলছে। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ফর্মে আছে, তবে চতুর্থ দলের নাম বলাটা একটু কঠিন। এটা যে কেউ হতে পারে—ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা। আমার মতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা শেষ চারে থাকবে, বাকি জায়গাটা নিয়ে লড়াই হবে।’
গত আসরের ফাইনালে যে খেলেছে দুই স্বাগতিকই, সেটি মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ডকে অধিনায়ক হিসেবে দুটি সেমিফাইনালে নিয়ে যাওয়া ফ্লেমিং, ‘আমি শুধু মিলগুলোর কথা বলছি। শ্রীলঙ্কা-ভারত গতবার ফাইনালিস্ট ছিল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল। এবার দলগুলোর ব্যবধান আরও কম।’
অস্ট্রেলিয়ার পেস-সহায়ক উইকেটে ভারতের পেসাররা কি পারবে সফল হতে? ওয়ানডের নতুন নিয়ম অনুযায়ী, ৩০ গজি বৃত্তের বাইরে থাকতে পারে চারজন ফিল্ডার। ফ্লেমিং বলছেন, রান আটকে নয়, উইকেট নেওয়ার ওপরই নির্ভর করবে ভারতের সাফল্য, ‘নিয়ম বদলানোয় অনেক কিছুই বদলে গেছে। ভারতের ফাস্ট বোলাররা খারাপ নয়, কিন্তু স্পিন ও পেস দুটি দিয়েই উইকেট নেওয়ার পেছনে জোর দিতে হবে। শুধু আটকে রেখে কাজ হবে না।’
ডিসেম্বরেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারত। ফ্লেমিংয়ের কথা ফলবে কি না, সেই আভাস তখনই পাওয়া যাবে। হিন্দুস্তান টাইমস।