বইছে সাফল্যের ফল্গুধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয় শেষ, অপেক্ষা ধবলধোলাইয়ের। সেই কাজটা করতে কালকের অনুশীলনের মতো এমন নির্ভার মুশফিক, তামিম, ইমরুলদেরই আজ মাঠে চাইবে বাংলাদেশ l শামসুল হক
সিরিজ জয় শেষ, অপেক্ষা ধবলধোলাইয়ের। সেই কাজটা করতে কালকের অনুশীলনের মতো এমন নির্ভার মুশফিক, তামিম, ইমরুলদেরই আজ মাঠে চাইবে বাংলাদেশ l শামসুল হক

টিএসসিতে বাঁধভাঙা উল্লাসের ঢল এখন আর নামে না। হয় না রং ছড়াছড়ি, বিজয় মিছিলে থাকে না আনন্দাশ্রু। ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য আটপৌরে কাব্য হয়ে গেছে। হোম সিরিজ মানেই খবরের কাগজের প্রথম পাতায় লাল-সবুজ উল্লাসের নিয়মিত মুদ্রণ। জয়গুলো এখন আর হঠাৎ পাওয়া নয়। আবেগে ভাসার দিনও শেষ।
একটা দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার এটাও বুঝি একটা লক্ষণ। খেলাটা নিয়ে প্রবল আকর্ষণ থাকবে সবার মধ্যে, ম্যাচের দিন টিকিটের জন্য হাহাকার থাকবে। ক্রিকেটীয় চিন্তা থাকুক না থাকুক, খেলোয়াড়দের পারফরম্যান্সের ময়নাতদন্ত চলবে ঘরে ঘরে। কিন্তু খেলা শেষে যখন কাঙ্ক্ষিত জয়টা ধরা দেবে, তখন মনে হবে এ তো হওয়ারই কথা ছিল!
ইনডোরের বাইরের উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করে ড্রেসিংরুমে ফিরছিলেন মুশফিকুর রহিম। পথে কথা হলো এসব নিয়েই। এই যে একটার পর একটা সাফল্য, টানা পাঁচ ওয়ানডে সিরিজে অজেয় থাকা, বাংলাদেশের ক্রিকেটে এটাই কি সেরা সময় নয়? প্রশ্নকর্তার সঙ্গে মতের মিল হয়ে গেলে মুশফিকের উত্তরের শুরুতে ‘অবশ্যই’ শব্দটা থাকবেই। কিন্তু কাল পরিচিত এই শব্দটার ওপর যেন একটু বেশিই জোর দিলেন, ‘অবশ্যই...পারফরম্যান্সের ধারাবাহিকতার কথা যদি বলেন, তাহলে অবশ্যই এটা আমাদের ক্রিকেটের সেরা সময়। আগেও আমরা অনেক সিরিজ জিতেছি বা জেতার সুযোগ পেয়েছি। কিন্তু টানা পাঁচটা সিরিজ কখনো জিতিনি। আর জয়গুলোও খেয়াল করে দেখেন...আমার তো মনে হয় না কোনোটাই কঠিন করে জিততে হয়েছে।’
মুশফিকের কথা শেষ না হতেই দেখা গেল উল্টো দিক থেকে সেজেগুজে আসছেন তামিম ইকবাল। সেজেগুজে মানে অনুশীলনের সাজ আর কী; হেলমেট-প্যাড-গ্লাভস এসব পরা। ফটোসাংবাদিকদের অনুরোধে মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছবির পোজ দিলেন মুশফিক-তামিম। বলতে পারেন, সেরা সময়ের ছবি। মুশফিকের সঙ্গে ‘সেরা সময়’ নিয়ে যে মতের অমিল নেই তামিমেরও! ‘এর চেয়ে ভালো সময় আমি অন্তত দেখিনি। টানা পাঁচটা সিরিজ জেতা অনেক বড় অর্জন। এখন আরও ভালো হবে যদি সিরিজটা ৩-০তে জিততে পারি’—শেষ কথাটা বলে মুচকি হাসলেন বাঁহাতি ওপেনার।
এটাও একটা ব্যতিক্রম। পরপর দুই ম্যাচে প্রত্যাশামতো রান পাননি। তারপরও কথাবার্তায় এত সাবলীল তামিম! রসিকতা করে এটাও বললেন, ‘এর আগে তো ম্যাচের আগে কথা বলে রান পাইনি। আজ (গতকাল) আর কথা না বলি...।’ সেরা সময়ে বুঝি সবকিছুই নতুনত্ব পায়। তামিম ম্যাচের আগের দিন কথা বলেন, মুশফিকের সঙ্গে হেঁটে চলে যাওয়া যায় মাঝমাঠ পর্যন্ত।
সাফল্যের গ্রাফের ঊর্ধ্বগতিতে ছোটার অবশ্য কিছু কারণ দেখছেন মুশফিক। দলে পারফরমারের সংখ্যা বাড়া এর অন্যতম, ‘একটা দলে যখন সাত-আটজন পারফরমার থাকে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে, তখন সেটা যেকোনো দলের জন্যই বোনাস। বাংলাদেশ দলে এখন সে অবস্থাই চলছে।’ তবে ক্রিকেটে উত্থান আর পতনের চলাচল হাতে হাত ধরে। আজ আপনি সেরা তো কাল দিশেহারা। বাংলাদেশ দলেরও হয়তো খারাপ সময় ফিরবে। তবে সেরা সময়ে এসে দলের পারফরম্যান্স ও আত্মবিশ্বাস যে শৃঙ্গটায় পৌঁছে গেছে, মুশফিক এটাকেই মনে করেন বাংলাদেশ দলের ‘স্ট্যান্ডার্ড’, ‘শুধু আমরা যারা খেলছি তারাই নয়, পরের প্রজন্মের খেলোয়াড়েরাও যেন বোঝে বাংলাদেশ দলের স্ট্যান্ডার্ডটা কোথায় গেছে। তারা যেন নিজেদের সেভাবে প্রস্তুত করে।’
সেরা সময়ের রেলগাড়ির যাত্রী ছিলেন না ইমরুল কায়েস। বিশ্বকাপে দুই ম্যাচে খারাপ করে বাইরে চলে গিয়েছিলেন দলের। সাকিবের অনুপস্থিতির সুযোগে ওয়ানডেতে ফিরেছেন গত ম্যাচেই। ৭৬ রানের প্রত্যাবর্তন ইনিংস নিয়ে আগের রাতে সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছেন। কাল আর সে প্রসঙ্গে না গিয়ে দল সম্পর্কেই জানতে চাওয়া হলো তামিমের সঙ্গী ওপেনারের কাছে। দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে, এখন নিশ্চয় সবাই জিম্বাবুয়েকে ধবলধোলাই দেওয়ার অপেক্ষায়। ইমরুল জবাবটা দিলেন একটু ঘুরিয়ে, ‘দলের সবার মানসিক অবস্থা এখন খুব ভালো। আমরা চাইব শেষটাও ভালো করতে।’ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে তাঁর কথারই প্রতিধ্বনি শুনিয়ে গেলেন পেসার মুস্তাফিজুর রহমানও, ‘চেষ্টা করব, যেন তিনটা ম্যাচই জিততে পারি। শেষটাও যেন ভালো হয়, সে চেষ্টা করব। আমরা সব সময় জিততে চাই।’
দলে আসার পর থেকে শুধু সাফল্যের স্রোতেই ভাসছেন মুস্তাফিজ-সাব্বিররা। এখন পর্যন্ত দেখেছেন কেবল সেরা সময়ের ছবিটাই। মুশফিক যে ‘স্ট্যান্ডার্ডে’র কথা বললেন, সেটাকে পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁদেরই বেশি। সেরা সময়ের ব্যাটন ছুটতে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

পারফরম্যান্সের ধারাবাহিকতার কথা যদি বলেন, তাহলে অবশ্যই এটা আমাদের ক্রিকেটের সেরা সময়
মুশফিকুর রহিম
টানা পাঁচটা সিরিজ জেতা অনেক বড় অর্জন
তামিম ইকবাল
দলের সবার মানসিক অবস্থা এখন খুব ভালো। আমরা চাইব শেষটাও ভালো করতে
ইমরুল কায়েস