বইয়ের কাটতি বাড়াতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা অনুমিতই ছিল। একটা আত্মজীবনী বের হবে আর তাতে বিতর্ক হবে না, এটা হয় নাকি! অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের আত্মজীবনী মাই স্টোরিতেও ব্যতিক্রম হয়নি। তবে ক্লার্কের ক্ষেত্রে বিতর্কটা একটু পুরোনোই, সেই ২০০৯ সালের।
২০০৯ সালে সিডনি টেস্ট জেতার পর ক্লার্ক দ্রুত মাঠ ছেড়ে যেতে চেয়েছিলেন। টেস্ট জয়ের পর ড্রেসিংরুমে গান গাওয়ার রীতি ভেঙে ক্লার্কের এভাবে চলে যাওয়ার ইচ্ছেটা পছন্দ হয়নি সাইমন ক্যাটিচের। ক্লার্কের কলার চেপে ধরেছিলেন ক্যাটিচ। ক্লার্কও সিনিয়র সতীর্থকে অশ্রাব্য গালিগালাজ করেছিলেন। ২০১১ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি থেকে থেকে বাদ পড়েন ক্যাটিচ। তখন এই বাঁহাতি ব্যাটসম্যান অভিযোগ করেছিলেন, পেছন থেকে ক্লার্কই নেড়েছিলেন কলকাঠি। দুজনের মধ্যে এরপর থেকেই ‘দা-কুমড়া’ সম্পর্ক।
কিন্তু গত শনিবার অস্ট্রেলিয়ার এবিসি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক দাবি করেছেন, তিনি আর ক্যাটিচ নাকি এখন খুব ভালো বন্ধু। গত বছরই তাঁরা সব মিটমাট করে নিয়েছেন। তবে ক্যাটিচ কাল দাবিটা উড়িয়ে দিলেন, ‘আমরা বন্ধু, এটা বলা বাড়াবাড়ি হবে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই আমরা “বন্ধু” এ দাবি করাটা বেশি কল্পনা করা হয়ে যায়।’
ক্যাটিচের ধারণা, এসব বলে বইয়ের কাটতি বাড়াতে চাইছেন ক্লার্ক, ‘আমার দৃষ্টিভঙ্গি এখনো পাল্টায়নি। কয়েক বছর আগে যেটা বলেছিলাম, সেটাই সত্যি। আমার ধারণা, এখন সে বই বিক্রি করার চেষ্টা করছে। ব্যাপারটি দারুণ, এখন এমন অনেক গল্পই শোনা যাবে। সত্যি হলো, ওই ঘটনার পর আমরা পারতপক্ষে কথাই বলি না।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।