বউ সানিয়াতেই মালিকের বর

নজরুল বলেছিলেন, ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক অবশ্য আধা-আধিতে বিশ্বাসী নন। তিনি মনে করেন ক্রিকেটার হিসেবে তাঁর পুনর্জন্মের পুরো কৃতিত্বই তাঁর স্ত্রী—ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। টেনিসের কোর্টে সানিয়ার সাফল্যই নাকি তাঁর জাতীয় দলে ফেরার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
পাঁচ বছর ধরে পাকিস্তান টেস্ট দলে ব্রাত্য ছিলেন মালিক। সেই ২০১০ থেকে। ওয়ানডে দলেও তাঁর স্থান অনিয়মিতই ছিল। সর্বশেষ ছয় বছরে খেলেননি কোনো পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বল হাতেও উইকেট-সংখ্যা মাত্র এক। ২০১৩ সালের পর ওয়ানডে দল থেকেও বাদ পড়ে যান। এ বছরের এপ্রিলে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পান এই অলরাউন্ডার। ফেরার পর প্রথম ওয়ানডেতেই পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম শতক। পেয়েছেন দুটো অর্ধশতক। ব্যাট হাতে দলের জন্য অবদানটাও রেখে চলেছেন নিয়মিতই। সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাসে বলীয়ান এই ইনিংসগুলোর প্রতিটিতেই তাঁর স্ট্রাইকরেট ছিল একশর ওপর। নিজেকে ফিরে পাওয়ার এই ব্যাপারে স্ত্রী সানিয়ার প্রতি অসম্ভব কৃতজ্ঞ মালিক।
স্ত্রী কীভাবে সাহায্য করলেন মালিককে। মালিক জানিয়েছেন সানিয়া নিজে একজন ক্রীড়াবিদ হওয়ায় প্রতিটি সমস্যারই সমাধান দিয়েছেন খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে। সানিয়ার মতো স্ত্রী পেয়ে নিজেকে অসম্ভব ভাগ্যবানই ভাবেন মালিক, ‘ব্যাপারটা দারুণ। অনেক সময় আপনি আপনার সতীর্থের কাছেও অনেক কিছু বলতে পারবেন না। সমস্যার সমাধান নিতে পারবেন না। কিন্তু আমি প্রচণ্ড ভাগ্যবান যে আমার স্ত্রী একজন ক্রীড়াবিদ। কেবল ক্রীড়াবিদই নয়। একজন তারকা ক্রীড়াবিদই। সে খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলো দেখে আমাকে পরামর্শ দেয়। তাঁর প্রতিটি পরামর্শই আমার কাজে এসেছে।’
সানিয়া মির্জাকে অসম্ভব পরিশ্রমী একজন ক্রীড়াবিদ হিসেবেই উল্লেখ করেছেন মালিক, ‘সে সাফল্যের জন্য প্রচণ্ড পরিশ্রম করে। আমি তাঁর মধ্যে অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। সানিয়ার মতো পরিশ্রম করে ফল পেয়েছি দলে ডাক পেয়ে। এ জন্য ওর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’
দলে ফিরেই ‘সব দায়িত্ব শেষ’—এমনটা ভাবেন না মালিক। এই মুহূর্তে তাঁর লক্ষ্য দলে স্থায়ী জায়গা করে নেওয়া। খেলতে চান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিততে চান ওই বিশ্বকাপ। সেরা অলরাউন্ডার হওয়ার লক্ষ্যটাও সামনে নিয়ে এগিয়ে চলেছেন। স্ত্রী সানিয়ার সঙ্গে সুখ-স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা পার করে দেওয়ার লক্ষ্যটাও বুকেই ধারণ করেন তিনি। সূত্র: এনডিটিভি অনলাইন।