বক্সিং ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চ, মেলবোর্ন, পোর্ট এলিজাবেথ। টেস্ট ম্যাচের মেলাই বসল এবারের বক্সিং ডেতে। ক্রিসমাসের ঠিক পরদিনই টেস্ট খেলাটা আজকাল নতুন কিছু না হলেও একটা সময় বিরলই ছিল ঘটনাটা। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের জন্মের পর প্রথম বক্সিং ডে টেস্ট দেখতে অপেক্ষা করতে হয় ১৯১৩ সাল পর্যন্ত। জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। ৪৮ বছর পর ইতিহাসের দ্বিতীয় বক্সিং ডে টেস্টের ভেন্যুও জোহানেসবার্গ। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার অবশ্য নিউ ওয়ান্ডারার্সে খেলে স্বাগতিকেরা। তবে আগে শুরু করেও মোট ১৮টি বক্সিং ডে টেস্ট আয়োজন করে দক্ষিণ আফ্রিকানরা আছে অস্ট্রেলিয়ার পেছনে। ১৯৬৮ থেকে ২০১৩ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়েছে ৩৩টি বক্সিং ডে টেস্ট। ৫ টেস্ট নিয়ে নিউজিল্যান্ড তিনে। বক্সিং ডেতে একটি করে টেস্ট শুরু হয়েছে ভারত (১৯৮৭), জিম্বাবুয়ে (১৯৯৬) ও বাংলাদেশেও (২০০৮)। তবে এগুলোর বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিতি নেই।