বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেতে চান টাইবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মিরপুর বিসিবি একাডেমি মাঠে টাটেন্ডা টাইবু। ছবি: প্রথম আলো
আজ মিরপুর বিসিবি একাডেমি মাঠে টাটেন্ডা টাইবু। ছবি: প্রথম আলো

প্রথম টেস্ট জয়টাই ২২৬ রানের! চট্টগ্রাম থেকে বাংলাদেশ দল ঢাকায় ফিরল উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে। চোখে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন। চট্টগ্রামের বিশাল ব্যবধানের হারে নিশ্চয়ই ঢাকা টেস্টের শুরু থেকেই প্রতিপক্ষ জিম্বাবুয়ের আত্মবিশ্বাস থাকবে তলানিতে।

কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ দেখল অন্য জিম্বাবুয়েকে, যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক টাটেন্ডা টাইবু। তাঁর অপরাজিত ৮৫ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৯৮। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট হারানোর পরও জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াল টাইবুরই সেঞ্চুরির সৌজন্যে। ব্রেন্ডন টেলরের সঙ্গে ১৫০ রানের জুটি, অধিনায়ক নিজে করলেন ১৫৩। ২৮ টেস্টের ক্যারিয়ারে ওটাই তাঁর সর্বোচ্চ ইনিংস।

স্মরণীয় ইনিংসও বটে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের প্রধান নির্বাচক হিসেবে ঢাকায় আসা টাইবু আজ প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ফিরে গিয়েছেন ২০০৫ সালের সেই স্মৃতিতে, ‘ওটাই টেস্টে আমার সর্বোচ্চ ইনিংস। দল খারাপ অবস্থায় ছিল বলেই ওটার কথা বেশি মনে আছে। ব্রেন্ডন টেলরের সঙ্গে আমার বড় জুটি ম্যাচের চেহারাই বদলে দেয়।’

টাইবুর দুঃখ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন আর ক্রিকেট হয় না। তবু প্রিয় ভেন্যুগুলোর অন্যতম এই স্টেডিয়ামে যেতে চান একবারের জন্য হলেও, ‘সে মাঠে এখন আর ক্রিকেট হয় না। সেটি এখন ফুটবল মাঠ। আমার প্রিয় মাঠগুলোর একটি। সময় পেলে ওখানে ফুটবল খেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে।’

বাংলাদেশ নিয়ে একটু বেশিই স্মৃতিকাতর জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগে একসময় সিটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্লাবের তখনকার শীর্ষ কর্তা রিয়াজ উদ্দিন আল মামুনকে তো ‘ভাই’ বলেই সম্বোধন করলেন। বাংলাদেশের বিমানবন্দর, হোটেল—সবখানেই তাঁকে নিয়ে মানুষের আগ্রহ আবেগপ্রবণ করে তোলে টাইবুকে। বন্ধুবান্ধব নাকি দুষ্টুমি করে তাঁকে এ-ও বলেন, ‘বাংলাদেশ তো তোমার দ্বিতীয় বাড়ি।’

জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সমস্যায় মাঝে খেলা থেকেই সরে গিয়েছিলেন দূরে। বেছে নিয়েছিলেন ধর্মযাজকের জীবন। ২০১৬-এর জুনে আবারও ক্রিকেটে ফিরেছেন প্রধান নির্বাচক হয়ে। জিম্বাবুয়েতে চালাচ্ছেন একটা একাডেমিও। লক্ষ্য, নিজে যেরকম সততা আর হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছেন, সেরকম ক্রিকেটার তৈরি করা।

মাত্র ২৮ বছর বয়সেই শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এ নিয়ে টাইবুর কোনো দুঃখ নেই। যা করবেন হৃদয় দিয়ে করবেন, খেলোয়াড়ি জীবনের মতো এখনকার দায়িত্বটাও পালন করতে চান এই ব্রত নিয়ে। একইভাবে পার করতে চান বাকি জীবনও।

* বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন আগামীকাল ছাপা সংস্করণে।