বছরের শেষ দিনে 'নতুন' শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামিরার থ্রোতে রানআউট হয়ে গেলেন স্যান্টনার, পরে শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডেরও। কাল নেলসনে l ক্রিকইনফো
চামিরার থ্রোতে রানআউট হয়ে গেলেন স্যান্টনার, পরে শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডেরও। কাল নেলসনে l ক্রিকইনফো

প্রথম দুই ম্যাচে যারা পাত্তাই পায়নি, সেই শ্রীলঙ্কাই তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল অমিত তেজে। আগের দুই ম্যাচে ১৮৮ ও ১১৭ রানে যারা অলআউট, তারাই কিনা নেলসনের স্যাক্সন ওভালে কাল নিউজিল্যান্ডের ২৭৬ রান তাড়া করে জিতল ৮ উইকেটে, ৩.৪ ওভার হাতে রেখেই!
লঙ্কানদের এই বদলে যাওয়ার রহস্য কী? কিউই বোলারদের খেলতে ডর-ভয় কাটাতে আগের দিন নেটে লেলিয়ে দেওয়া হয়েছিল মাঠে খেলার সুযোগ না পাওয়া সুরঙ্গা লাকমলকে। যথাসম্ভব দ্রুতগতিতে বোলিং করে গেছেন তিনি। আর ব্যাটসম্যানরাও করেছেন ডাকাবুকো ব্যাটিং। তাতে ম্যাথুস ও সিরিবর্ধনার মাথায় বল লেগেছে, মুখে বল লেগেছে দিলশানের। ধানুষ্কা গুনাতিলকের কথাটা মানলে বলতে হয় দলটিকে মানসিকভাবে বদলে দিয়েছে ওই অনুশীলন সেশনটা, ‘এটা সত্যি, আমরা এ রকমই করেছি এবং এটা খুব কাজে দিয়েছে।’
পরিসংখ্যানও সমর্থন দেয় গুনাতিলকেকে। প্রথম দুই ম্যাচে দিলশান, থিরিমান্নে এবং গুনাতিলকের মিলিত রান যেখানে মাত্র ৪৩, সেখানে কালই তিনজনের রান ৯১, ৮৭* ও ৬৫! এই তিনজনের কৃতিত্বেই শ্রীলঙ্কার সহজ জয়। ৪৫ বলে ৬৫ করে ম্যান অব দ্য ম্যাচ গুনাতিলকে। ৯৮ রানে তাঁর আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে দিলশান-থিরিমান্নের ১১১ রানের জুটিই শ্রীলঙ্কাকে জয়ে পৌঁছে দেয়।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া নিউজিল্যান্ড ৮ উইকেটে করে ২৭৬ রান। চোট খেলতে দেয়নি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে, তাঁর অনুপস্থিতিতে এদিন দলকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৫৯ রান করেন।
কালকের জয়ে হারের বৃত্ত থেকে শ্রীলঙ্কা বেরিয়ে তো এসেছেই, সিরিজে নিজেদের সম্ভাবনাও টিকিয়ে রেখেছে। সিরিজের পরের ওয়ানডে আগামীকাল, নেলসনের স্যাক্সন ওভালেই। ক্রিকইনফো, এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭৬/৮ (উইলিয়ামসন ৫৯, ল্যাথাম ৪২, স্যান্টনার ৩৮, গাপটিল ৩০, ব্রেসওয়েল ৩০; চামিরা ২/৩৮, প্রদীপ ২/৫৫, ভ্যান্ডারসে ২/৫৫)।
শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৭৭/২ (দিলশান ৯১, থিরিমান্নে ৮৭*, গুনাতিলকে ৬৫, চান্ডিমাল ২৭*; ম্যাকলেনাহান ১/৩৯)।
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ধানুষ্কা গুনাতিলকে।