বছরের ৯ নম্বর সেঞ্চুরিও হয়ে গেল ওয়ার্নারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ ফর্মে আছেন ওয়ার্নার। ছবি: এএফপি
দারুণ ফর্মে আছেন ওয়ার্নার। ছবি: এএফপি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই দলেরই ওপেনার সর্বশেষ সাফল্য পেয়েছিলেন ২০০৩ সালে। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দাপট ছিল দুই দলের দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও ম্যাথু হেইডেনের। ১৩ বছর পর দুই দলের দুই ওপেনারের আধিপত্যময় আরও একটি টেস্ট উপহার দিচ্ছে এমসিজি। পাকিস্তানের আজহার আলীর দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর এবার তিন অঙ্কের ঘরে পা রাখলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্নে এটি ওয়ার্নারের প্রথম সেঞ্চুরি। ২০১৬ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৯টি।

বছর শুরু করেছিলেন টেস্ট সেঞ্চুরি দিয়ে। এরপর এই বছরে সাত-সাতটি ওয়ানডে সেঞ্চুরি করলেও টেস্টে সেই ফর্মের দেখা মিলছিল না। ওয়ার্নার নিজে টেস্টের ফর্ম নিয়ে চিন্তিত ছিলেন। অবশেষে বছর শেষের টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। টেস্টে এটি তাঁর ১৭তম সেঞ্চুরি।

ওয়ার্নারের ১৪৩ বলে ১৪৪ রানের সঙ্গে উসমান খাজার ৯৫—এই দুইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে জবাবটা ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৭৮। এর আগে আজহার আলীর অপরাজিত ২০৫ রানে ৯ উইকেটে ৪৪৩ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। খাজা আর ৫ রান পেলেই জন্মভূমির বিপক্ষে সেঞ্চুরির রেকর্ড গড়বেন।


ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। আউট হন ম্যাট রেনশ। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও খাজা গড়েন ১৯৮ রানের জুটি। ওয়ার্নার ১৯তম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে আজ ৫ হাজার রানের মাইল ফলক ছাড়িয়েছেন। ১৪৩ বলে তাঁর ১৪৪ রানে ছিল ১৭টি চারের মার। ওয়াহাব রিয়াজের একটি বাউন্সারে হকচকিয়ে গিয়ে উইকেটকিপার সরফরাজ আহমেদকে ক্যাচ দেন।

ওয়ার্নারকে দারুণ সঙ্গ দিয়েছেন অস্ট্রেলিয়ার ‘পাকিস্তানি’ ওপেনার উসমান খাজা। জন্মভূমির বিপক্ষে সেঞ্চুরির খুব কাছেই পৌঁছে গেছেন তিনি। দিন শেষে তিনি অপরাজিত ৯৫ রানে। ১৫২ বলের এই ইনিংসে ১৩টি চার মেরেছেন খাজা। ১০ রানে অপরাজিত আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। রেনশর ব্যাট থেকেও এসেছে ১০ রান।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ। সূত্র: স্টারস্পোর্টস।