বজ্র আঁটুনি ফসকা গেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শুরু হয়ে যাওয়ার পর একটু আড়ালে চলে গেছে সত্যি, তবে কাল মাশরাফি বিন মুর্তজা প্রথম বলটি করার আগ পর্যন্ত এই সিরিজে সবচেয়ে আলোচিত শব্দটি কী ছিল? উত্তরটা আপনারও জানা না থাকার কোনো কারণ নেই—নিরাপত্তা।
এই সিরিজের ওপর সেটির এমনই দীর্ঘ ছায়া পড়েছে যে, গত পরশু ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরপুরে যে মহড়া হয়ে গেল, জানা না থাকলে যে কারও মনে হতে পারত, নির্ঘাত এখানে যুদ্ধটুদ্ধ চলছে। বাংলাদেশে আর কোনো সিরিজকে ঘিরে নিরাপত্তার এমন সাজ সাজ রব ছিল না। যে প্রেক্ষাপটে ইংল্যান্ড দল বাংলাদেশে এসেছে, তাতে এটি অনুমিতই ছিল। প্রয়োজনও ছিল। কিন্তু কাল সন্ধ্যা সাতটার দিকে মিরপুর স্টেডিয়ামে ঢোকার সময় যে অভিজ্ঞতা হলো, তাতে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ প্রবাদটা খুব মনে পড়ল।
সাংবাদিকদের ঢোকার কথা ১ নম্বর গেট দিয়ে, যে গেট দিয়ে দর্শকেরাও স্টেডিয়ামে ঢোকেন। তবে সাংবাদিকদের কাছে ওই গেটের নাম হয়ে গেছে ‘মিডিয়া গেট’। রাস্তার ওপারে গাড়ি পার্কিংয়ের জায়গায় নেমে রাস্তা পার হয়ে ওই গেটের দিকেই যাচ্ছিলাম। মিরপুর স্টেডিয়ামের মূল গেট হয়েও যেটির নাম ২ নম্বর গেট, যেটি দিয়ে খেলোয়াড়দের বাস ঢোকে, সেটির সামনে এসে হঠাৎ মনে হলো নিরাপত্তাব্যবস্থাটা কেমন নিশ্ছিদ্র, একটু পরখ করে দেখি।
বড় গেটের পেটে মানুষ ঢোকার জন্য ছোট যে গেটটা, সেটি খোলাই ছিল। একটা গাড়ি বেরোচ্ছে বলে বড় গেটটাও খুলে দেওয়া হলো। আমি গাড়িটার পাশ দিয়ে গটগট করে হেঁটে ভেতরে ঢুকে গেলাম। সার দিয়ে দাঁড়ানো সশস্ত্র নিরাপত্তারক্ষীরা ফিরেও তাকাল না। গলায় অ্যাক্রিডিটেশন কার্ড ঝোলানো ছিল। কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ডটা যাঁর নামে, তাঁর গলাতেই সেটি ঝুলছে কি না, সেটির কী নিশ্চয়তা! এটি মিলিয়ে দেখাটা কি যেকোনো নিরাপত্তাব্যবস্থার একেবারে প্রাথমিক ব্যাপার হওয়ার কথা নয়?
‘বডি সার্চ’ বলে যে একটা ব্যাপার আছে, সেটিও তো তা-ই। অথচ সেটিও হলো না। মিডিয়া সেন্টারের গেটে আরেক দফা চেক হওয়ার কথা। সাংবাদিক-ধারাভাষ্যকার এবং মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন ছাড়া আর কারও ওই গেট দিয়ে প্রবেশাধিকার নেই। ও হ্যাঁ, ওই গেট দিয়ে হসপিটালিটি বক্সের লোকজনও ঢোকেন। তাঁদের মধ্যে অনেক কেষ্টু-বিষ্টুও থাকেন। যে কারণে এই এলাকাটা খুব স্পর্শকাতরও। অথচ সেখানেও কেউ অ্যাক্রিডিটেশন কার্ডটা চেক করে দেখল না যে, সত্যিই মিডিয়ার কেউ ঢুকছে কি না। মিডিয়া সেন্টারের গেটে এই ‘চেকপোস্ট’ অবশ্য কখনোই থাকে না। তবে এই সিরিজটা এমন স্পর্শকাতর বলেই ব্যতিক্রম আশা করেছিলাম।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের মতো গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের ক্রিকেটে আর আসেনি আগে। মাঠের খেলায় কে জিতল, কে হারল তাতে অবশ্যই আসে যায়। আসলে খুব একটা আসে যায় না। মাঠের খেলায় যা ইচ্ছা হোক, সিরিজটা নির্বিঘ্নে শেষ হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। কালকের অভিজ্ঞতাটা এমন সবিস্তারে লেখার একটাই কারণ। নিরাপত্তা নিয়ে এত তোড়জোড়ের মধ্যে ‘ছোটখাটো’ কিছু ভুলেই কিন্তু ‘বড় কিছু’ হয়ে যেতে পারে। লখিন্দরের বাসরঘরের গল্পটা তো আমাদের সবারই জানা!