বড় কিছুতেই চোখ সাকিবদের

ভাবতেই শিহরণ জাগে। গত এক বছরে ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ দল!
গত বছরের জুনে ভারতের কাছে তিন ওয়ানডের সিরিজে ২-০তে হার। এরপর থেকে ঘরের মাঠে ওয়ানডে মানেই সাফল্যের ফুল ফোটানোর আনন্দ। একটার পর একটা ম্যাচে শোনা গেছে বাঘের গর্জন। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০তে সিরিজ জয়, এ বছরের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকেও ‘বাংলাওয়াশ’, এরপর গত মাসে ভারতকে ২-১-এ হারানো—ওয়ানডে ক্রিকেটের এই বাংলাদেশ যেন ভিন গ্রহের বাংলাদেশ!
এবার সামনে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সিরিজ জয়ের আরেকটি মঞ্চ প্রস্তুত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ ম্যাচের আগে সাকিব আল হাসানও আত্মবিশ্বাসের সঞ্জীবনী নিচ্ছেন গত এক বছরের সাফল্য থেকেই, ‘অনেক দিন ধরে আমরা নিজেদের মাঠে সিরিজ হারি না। আমাদের জন্য এটা আরেকটা সুযোগ। কত বড় ম্যাচ বলতে পারব না, তবে সুযোগটা অনেক বড় অবশ্যই।’ কাল অনুশীলনের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়ানডের সহ-অধিনায়ক।
গত ম্যাচের আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একটাই জয় ছিল—২০০৭ বিশ্বকাপে গায়ানায়। দ্বিপক্ষীয় সিরিজে ঢাকার জয়টাই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম। সাকিবের চোখে এটাও অনেক বড় সাফল্য। তবে এটুকুতেই না থেমে দৃষ্টি তার আজ সিরিজ জয়ে, ‘যেসব আগে কখনো করতে পারিনি, সেগুলো করতে পারলে অবশ্যই তা বড় কিছুই হবে। আমরা যেমন দক্ষিণ আফ্রিকাকে কখনোই সিরিজে হারাতে পারিনি, এবার হারিয়েছি। সিরিজ জিতলে তা হবে আরও বড় ব্যাপার।’
সিরিজ নির্ধারণী ম্যাচ, আবেগ-উত্তেজনায় মিলেমিশে একাকার হওয়াটাই স্বাভাবিক। এসব ম্যাচের ক্ষেত্রে খেলার বাইরেরও অনেক কিছু চলে আসে সামনে। সাকিবকে যেমন কাল এক সাংবাদিক মনে করিয়ে দিতে চাইলেন, ‘চট্টগ্রামের মাঠ তো আপনাদের জন্য সৌভাগ্যের মাঠ...।’ ১৫টি ওয়ানডে খেলে যে মাঠে ৯টিতেই জয় পাওয়া গেছে, সেটা সৌভাগ্যের তো বটেই।
কিন্তু সাকিবের যে ভাগ্যে তেমন একটা বিশ্বাস নেই! ‘সৌভাগ্যের মাঠ’ ব্যাপারটাও তাঁর কাছে খুব গুরুত্ব পাচ্ছে বলে মনে হলো না। প্রথমে রসিকতা করে ‘চট্টগ্রামের মাঠই এখন চাপ’ বললেও সাকিব মনে করেন, দেশের মাটির সব মাঠই তাদের জন্য সৌভাগ্যের, ‘যেখানেই খেলি না কেন, আমাদের জিততে হবে। কেউ মনে হয় না এটা মনে করে খেলে যে, এটা আমাদের সৌভাগ্যের মাঠ, এখানে জিততে হবে। বা অমুক মাঠে আমরা খারাপ খেলি, ওখানে জিততে পারব না।’
ভাগ্য ব্যাপারটা আসলে সব সময়ই অস্পষ্ট। খেলাধুলায় দৃশ্যমান ব্যাপারটা হলো খেলোয়াড়দের চেষ্টা আর পারফরম্যান্সই গড়ে দেয় ম্যাচের ফলাফল। সেই ফলাফল আবার পরের ম্যাচে হয়ে যায় খেলোয়াড়দেরই আত্মবিশ্বাসের নিক্তি। সর্বশেষ ম্যাচটা জেতায় আজ যেমন দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ দলেরই বেশি আত্মবিশ্বাসী থাকার কথা। ইতিবাচক প্রভাবক হতে পারে ভারত, পাকিস্তানের বিপক্ষে সিরিজের ফলাফলও। তবে সাকিবের দর্শন এখানেও ভিন্ন, ‘এমন নয় যে এক ম্যাচ হারলেই আমাদের আত্মবিশ্বাস তলানিতে চলে যায় বা দুই ম্যাচ জিতলে আত্মবিশ্বাস আকাশে উঠে যাবে। কোনো খেলোয়াড়ই কখনো ওভাবে চিন্তা করে না। আমার মনে হয়, আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচই আমরা জেতার জন্য খেলি।’
আজও তাই খেলবে মাশরাফি-সাকিবদের বাংলাদেশ। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মিল যে সব সময়ই হয়, তা তো নয়! কখনো কখনো থেকে যায় কিছু দূরত্ব। চট্টগ্রামে আজ ওই দূরত্বটুকু ঘোচাতে পারলেই আরও এক ধাপ উঁচুতে উঠে যাবে বাংলাদেশের ক্রিকেট। সাকিব এর জন্য কাল একটা মন্ত্রও দিয়ে দিলেন সতীর্থদের। তবে তা মহাকাশবিজ্ঞানের কোনো সূত্র নয়, ‘যদি প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, কাজগুলো ঠিকভাবে করতে পারি, অন্তত দেশে আমাদের পক্ষে ভালো ফলাফল করা সম্ভব।’
গত এক বছরের পরিসংখ্যানও তাই বলে। দেশের মাটির বাংলাদেশ এখন সব দলের জন্যই কঠিন এক প্রতিপক্ষের নাম। দক্ষিণ আফ্রিকাকেও কি আজ তা বোঝাতে পারবে বাংলাদেশ দল?