বড় জয়ে টিকে রইল দোলেশ্বর

আশা বাঁচিয়ে রাখল প্রাইম দোলেশ্বর। আজ ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৯১ রানে হারিয়ে লিগের উত্তেজনা শেষ রাউন্ড পর্যন্ত নিয়ে গেল বুড়িগঙ্গার ওপারের দলটি। অন্যদিকে আজকের হারে সব সম্ভাবনা শেষ হয়ে গেল ভিক্টোরিয়ার। আবাহনী, রূপগঞ্জ, দোলেশ্বর—শিরোপার দৌড়ে টিকে রইল এই তিন দল।
৩৩৪ রানের পাহাড় টপকানোর লক্ষ্য নিয়ে রান তাড়া শুরু করেছিল ভিক্টোরিয়া। শুরুটা খারাপ হয়নি দলটির। আবদুল মজিদ ও জুবায়ের আহমেদের উদ্বোধনী জুটি ২০.৩ ওভারে দলকে এনে দিয়েছিলেন ৯৯ রান। ফিফটি করার পরপরই লং অফে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান মজিদ। এরপর জুবায়েরকে নিয়ে মুমিনুলের ৫০ রানের জুটি। জুবায়ের খেলেছেন পরিস্থিতির সঙ্গে বেমানান এক ইনিংস। ৯৭ বলে করেছেন ৫৬ রান।
তবে অন্য পাশে মুমিনুল সমীকরণ মেনেই ব্যাট করছিলেন। কিন্তু আস্কিং রেটের সঙ্গে তাল মেলাতে গিয়ে পড়েন বিপদে। পেসার আল আমিনের বলে চালাতে গিয়ে বোল্ড বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ৫৭ বলের ৬১ রানের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা। মুমিনুল অবশ্য জীবনও পেয়েছেন দুবার। ১৫ রানের মাথায় ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলেছিলেন। ভিক্টোরিয়ার ফিল্ডার ক্যাচটা তো ধরতে পারেনইনি উল্টো ছয় বানিয়ে দিয়েছেন। ২৬তম ওভারের ঘটনা এটি। পরের ওভারে আবার ক্যাচ, এবার শর্ট মিড উইকেটে। এবার সহজ ক্যাচটা ছাড়েন রাহাতুল ফেরদৌস।
২০১ রানের মাথায় মুমিনুলের বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা শুধু ব্যবধান কমিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ৩৩৩ রান করে দোলেশ্বর। ৯৬ বলে ১০০ রান করেছেন রকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে সাত বছর পর সেঞ্চুরি পেলেন জাতীয় দলের ব্যাটসম্যান। এ ছাড়া ফিফটি পেয়েছেন শচীন বেবি ও নাসির হোসেন। মাত্র ৪২ বলেই ৯ চার ও ২ ছয়ে অপরাজিত ৭৪ রান করেছেন নাসির। আগের ম্যাচে একই মাঠে ৩৭ বলে ফিফটি ছোঁয়া জাতীয় দলের ব্যাটসম্যান আজ ৫০ পেরিয়েছেন মাত্র ৩১ বলে।
ইনিংসের শেষ ১৫ ওভারে দোলেশ্বর তুলেছে ১৩২ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ২৯ বলেই ৫১ রান যোগ করেছেন নাসির ও জিয়া।