বদলে যাওয়া ভারতীয় বোলিং
ব্যাটিংটা তাদের বড় শক্তি সব সময়ই। ভারতের দুশ্চিন্তার জায়গা বোলিং। দেশের মাটিতে কখনো-সখনো সেটা ক্ষুরধার মনে হলেও বিদেশের মাঠে প্রায়শই নখদন্তহীন। অথচ এই বিশ্বকাপে ভারতের সেই বোলিংই অন্য চেহারায়। এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ভারত, চারটি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছেন ভারতীয় বোলাররা। গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এমনকি দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপও। কপিল দেব, ইয়ান চ্যাপেলদের মতো কিংবদন্তিরাও তাই স্বীকার করছেন, ভারতের এ সাফল্যের পেছনে যতটা কৃতিত্ব ব্যাটসম্যানদের, ততটাই বোলারদেরও।
রাতারাতি কীভাবে বদলে গেল ভারতীয় বোলিং! বিস্মিত সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জন্টি রোডসও, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভারতীয় বোলাররা যে রকম শৃঙ্খলা দেখিয়েছে, আমি অবাক হয়েছি। প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে৷ মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও অন্য
বোলাররা লাইন-লেংথ ঠিক রেখে বেশ গতিতে বল করছে, সুইংও পাচ্ছে।’
সবার আগে আসবে মোহাম্মদ শামির নামটাই। তিনটি ম্যাচ খেলেছেন এ পর্যন্ত, ২৫ ওভার বল করে ওভারপ্রতি ৪ রান খরচায় নিয়েছেন ৯ উইকেট। বাংলার এই পেসারকে এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বোলার বলতেও তাই দ্বিধা করেননি সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ, ‘যদি সে এই ফর্মটা ধরে রাখতে পারে, নকআউট পর্বে ভারতকে হারানো যেকোনো দলের জন্যই কঠিন হবে।’
যার এত প্রশংসা করছেন রোডস, জাভেদরা সেই শামি অবশ্য নিজের এই দুর্দান্ত ফর্মের কৃতিত্ব অনেকটাই দিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারকে, ‘আমি সম্প্রতি শোয়েব ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে রানআপ কমিয়ে কীভাবে গতি বাড়ানো যায় সেই পরামর্শ দিয়েছেন। এটা খুব কাজে দিয়েছে।’
স্লগ ওভারে এমনকি খুব ভালো বোলারদের মার খেতে হচ্ছে এই বিশ্বকাপে। তবে এ পর্যন্ত চার ম্যাচের কোনোটিতেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এমন নিয়ন্ত্রিত বোলিং করতে পেরে সন্তুষ্ট আরেক ভারতীয় পেসার মোহিত শর্মা। তবে এটা ভেবে আবার পরের ম্যাচগুলোতে গা ছাড়া হয়ে যেতে রাজি নন মোহিত, ‘ভালো করার কোনো সীমা নেই। আমার মনে হয় যে আমরা এখনো স্লগ ওভারে চাপের মধ্যে পড়িনি। এটা ভেবে তাই সতর্ক থাকতে হবে।’ এএফপি।