
ঠিক আগের ম্যাচের কথা ধরলে দুই দল একই সমতলে।
এক দল ২০ রানে ৬ উইকেট হারিয়েছে। আরেক দল ২২ রানে ৬ উইকেট। পরপর দুই দিন লন্ডনেরই দুই মাঠে। লর্ডসে ইংল্যান্ড। ওভালে বাংলাদেশ।
পার্থক্য হলো, ৩০ বলের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলা ইংল্যান্ডের ম্যাচটি ছিল এক দিনের আন্তর্জাতিক। বাংলাদেশেরটি নিছকই প্রস্তুতি ম্যাচ। খুবই স্বাভাবিক, এই পার্থক্যটাকেই বড় করে দেখবে বাংলাদেশ দল। দলের অন্দরমহলে কান পাতলেই তাই শোনা যাচ্ছে, প্রস্তুতি ম্যাচে কী হলো না হলো, তাতে কিছু আসে যায় না। আসল ম্যাচে কী হবে, সেটাই আসল কথা।
সেই ‘আসল’ ম্যাচে আজ বাংলাদেশের সামনে স্বাগতিক ইংল্যান্ড। যে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিরও শুরু। সেই ওভালেই খেলা। যেখানে গত পরশু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওই ভয়াল ব্যাটিং। ৮৪ রানে গুটিয়ে যাওয়া।
জীবনের মতো ক্রিকেটেও অতীত নিয়ে পড়ে থাকলে চলে না। চোখে আশা নিয়ে সামনের দিকে তাকাতে হয়। প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেওয়া তামিম ইকবাল সেটিই করছেন। অতীতে যা একটু উঁকি মারছেন, তা ইতিবাচক কিছু খোঁজার জন্য। কী আশ্চর্য, তা খুঁজে পাচ্ছেনও, ‘এক দিক থেকে ভালোই হয়েছে। আমরা আরেকটু সাবধান হব।’
কদিন ধরে ‘চ্যাম্পিয়নস’ শব্দটা তামিমের মনে খুব আলোড়ন তুলছে। তোলারই কথা। বড় মঞ্চ তাঁর খুব পছন্দ। চ্যাম্পিয়নস ট্রফি নামের এই বিশ্ব আসরে বড় কিছু তো করতে চাইবেনই। তামিমের মনে আলোড়ন অবশ্য শুধু এটা নিয়ে নয়। ‘চ্যাম্পিয়নস’ নামাঙ্কিত আরেকটি আসরও কারণ। চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে দেখতে দর্শক আসবে। আর তামিম নিজে দর্শকের ভূমিকায় দেখতে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল। রোনালদো তাঁর প্রিয় ফুটবলার, রিয়াল মাদ্রিদ প্রিয় দল। আগামীকাল লন্ডন থেকে ঘণ্টা দুয়েকের দূরত্বে কার্ডিফের ফাইনালে মাঠে বসে প্রিয় খেলোয়াড়, প্রিয় দলের খেলা দেখবেন ভেবে তামিম যারপরনাই রোমাঞ্চিত। সেই রোমাঞ্চ আরও বাড়বে, নাকি একটু কমবে, সেটি নির্ভর করছে আজকের ম্যাচে কী হয়, তার ওপর। ‘ম্যাচটায় যদি আমরা ভালো করতে পারি, ফুরফরে মন নিয়ে কার্ডিফ যেতে পারব’—কাল সকালে হোটেল রুম থেকে ফোনে বললেন তামিম।
সেই ‘ভালো করাটা’ যে সহজ হবে না, তা নিয়ে বাংলাদেশ দলের কারোরই কোনো সংশয় নেই। র্যাঙ্কিং যা-ই বলুক, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোখে এ মুহূর্তে বিশ্বের সেরা দল এই ইংল্যান্ড। গ্রুপের তিন প্রতিপক্ষের মধ্যে ইংল্যান্ডকেই মনে করছেন সবচেয়ে কঠিন। মাশরাফির কথাকে প্রমাণ করতেই যেন মাত্রই র্যাঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে বুকমেকারদের ফেবারিটও ইংল্যান্ডই।
গত পরশু রাতে লন্ডনে এক ‘গালা ডিনার’-এর আয়োজন করেছিল আইসিসি। চ্যাম্পিয়নস ট্রফির সব অধিনায়ক অবশ্য তাতে ছিলেন না। যে চারটি দল লন্ডনে ছিল, সেই চার দলের অধিনায়ককে নিয়েই হলো অনুষ্ঠানটি। এউইন মরগান, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মাশরাফিও মঞ্চে বসেছেন। একটা প্রশ্নোত্তর পর্বও ছিল। মাশরাফি একটা প্রশ্নই শুধু মনে করতে পারলেন, ‘আপনার দলের কাছে বাংলাদেশের মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই চাপ সামলানোটা কতটা কঠিন?’ মাশরাফি উত্তর দিয়েছেন, ‘একটু চাপ থাকা ভালো। তাতে সবাই আরও বেশি সিরিয়াস থাকবে।’
চাপের কথা বললে অবশ্য ইংল্যান্ড আরও বেশি চাপে। এই প্রথম ওয়ানডের কোনো বিশ্ব আসরে ফেবারিটের তকমা তাদের গায়ে। কাল দ্য টাইমস-এ লেখা কলামে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনালের ভবিষ্যদ্বাণীও করে দিয়েছেন।
ইংল্যান্ডের এই ওয়ানডে দল যেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা। কুৎসিত হাঁসের ছানা থেকে অপরূপ রাজহাঁসে পরিণত হওয়ার গল্প। এই পরিবর্তনের দিনক্ষণ খুঁজতে গেলে বাংলাদেশের কথাও চলে আসে। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। এই এউইন মরগানই অধিনায়ক। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে ইংলিশ মিডিয়া তাঁকে ছিঁড়েখুঁড়ে ফেলেছিল। রাগে-দুঃখে যে অধিনায়কত্ব ছেড়ে দেননি, সেটাই অবাক করার মতো। সেই মরগানের নেতৃত্বেই আশ্চর্য রূপান্তর এবং ইংল্যান্ডের সাম্প্রতিক ওয়ানডে ইতিহাসে পরিষ্কার দুটি ভাগ—‘অ্যাডিলেডের আগে’ ও ‘অ্যাডিলেডের পরে’।
২০১৫ বিশ্বকাপের পর ৪৩ ম্যাচে ২১ বার তিন শ পেরিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা যেখানে ৪০ ম্যাচে ১৩ বার। অস্ট্রেলিয়া ৪১ ম্যাচে ১১ বার। সেদিন লর্ডসে ২০ রানে ৬ উইকেট হারানোর ম্যাচে যা হলো, সেটি ব্যতিক্রম। নইলে এর আগে যে ১১ বার ইংল্যান্ড আগে ব্যাটিং করেছে, এর ১০ বারই তিন শ করেছে। যে একবার পারেনি, সেবার করেছে ২৯৬।
২০১৫ বিশ্বকাপের সময় প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ও কোচ ডেভিড লয়েড বিদ্রূপ করে বলেছিলেন, ‘ইংল্যান্ড তো প্রস্তর যুগের ক্রিকেট খেলে। অন্য দলগুলো যেখানে সাড়ে তিন শর কথা ভাবে, কালেভদ্রে তিন শ করতে পারলেই ওরা খুশি।’ সেই ডেভিড লয়েডের সঙ্গে কাল ওভালে দেখা হয়ে গেল। ওই কথা মনে করিয়ে দেওয়ায় মাথা নাড়তে নাড়তে বললেন, ‘অ্যামেইজিং! যা হয়েছে, এটা আমার কল্পনার বাইরে।’
এটাও একসময় কল্পনার বাইরে ছিল, ইংলিশ অধিনায়ক সংবাদ সম্মেলনে অবলীলায় বলছেন, আক্রমণাত্মক ক্রিকেটটা তাঁর দলের খেলোয়াড়দের ডিএনএ হয়ে গেছে।
গত দুটি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে। তবে সেই ইংল্যান্ড আর এই ইংল্যান্ডে অনেক পার্থক্য। মাশরাফিও তা স্বীকার করছেন। তবে সঙ্গে এটাও মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশও তো আগের বাংলাদেশ নেই।
ইংল্যান্ডের মতো বাংলাদেশেরও বদলে যাওয়ার সূচনা ওই ২০১৫ বিশ্বকাপ থেকেই। চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা তাহলে ভালোই হচ্ছে। বদলে যাওয়া দুই দলের লড়াই!