বদলে যাওয়া সময়ে বদলাবে ফল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ট্রফিটার জন্যই লড়বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আজ থেকে শুরু প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
এই ট্রফিটার জন্যই লড়বে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আজ থেকে শুরু প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

ঘুরেফিরে আসছে ১১ সংখ্যাটি। ঠিক ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু সেই টেস্টে বাংলাদেশের হয়ে খেলবেন কোন ১১ জন?

কাল সন্ধ্যা পর্যন্ত যতটুকু আভাস পাওয়া গেল, তাতে মুমিনুল হক, তাসকিন আহমেদ ও লিটন দাসের একাদশ থেকে বাইরে থাকার সম্ভাবনাই বেশি। আসলে একাদশ ঠিক করা নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আছেন মহাসংকটে। সেটি এমনই যে রাতে নাকি ঘুমাতে পর্যন্ত পারছেন না! কাল ভোর ৪টায় টুইট করে সেটিই জানিয়েছেন সবাইকে। দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য কোচকে আশাবাদ শুনিয়েছেন। বাংলাদেশ ভালো খেললে তখন নিশ্চয়ই অনেকের খুশিতেও ঘুম হবে না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের আবহ একটু টান টান থাকার কথা। মাঠে অস্ট্রেলিয়া প্রবল প্রতিপক্ষ। মাঠের বাইরেও অতিথি হিসেবে তাঁরা ‘বড় কুটুম’ পর্যায়ের। পান থেকে চুন খসলে হইচই পড়ে যাবে। দ্বিতীয় কারণে টান টান ভাব এবারও আছে। কিন্তু প্রথমটি কোথায়!

গত দুই দিন তো সবার মুখে মুখে সাকিব-তামিমের ৫০তম টেস্ট নিয়েই আলোচনা। সিরিজ নিয়ে কথাবার্তা যেটুকু আছে, তাতেও সমতা। অনেক সময় তো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে খেলা সর্বশেষ সিরিজের কথা বলে এগিয়ে রাখা হচ্ছে বাংলাদেশকেই। বাংলাদেশের খেলোয়াড়েরাই বরং মাঝে মাঝে আগ বাড়িয়ে বলতে বাধ্য হচ্ছেন, ‘না, না; ওরা ভালো দল। সব কন্ডিশনে মানিয়ে নেয়।’ ভালো দল, তবে তাদের বাংলাদেশের চেয়ে ‘খুব ভালো’ কেউই বলছেন না। বাংলাদেশ অধিনায়কও কাল মন্তব্য করলেন, এই সিরিজে তিনি দুই দলের ‘ফিফটি-ফিফটি’ সম্ভাবনা দেখেন।

কোচ হাথুরুসিংহের পর সাকিব আল হাসানও অস্ট্রেলিয়াকে ২-০তে হারানো সম্ভব বলে আশার বেলুন উড়িয়েছেন। কথাটা তাঁরা আরও আগে বললেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ কাল যেন তা হঠাৎ করেই শুনলেন। আর তাতে ছোটখাটো একটা কথার লড়াইও কি জমে উঠল না! বাংলাদেশের এই লক্ষ্য শুনে স্মিথ রীতিমতো অবাক। ১০০টি টেস্ট খেলে যারা মাত্র ৯টিতে জিতেছে, তারা এমন কথা কী করে বলতে পারে, সেটা তাঁর মাথায় ঢোকে না। তবে তাঁকেও এটা মেনে নিতে হলো যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা একটা চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ান অধিনায়ককে দিয়ে কথাটা বলাচ্ছে আসলে সময়। ওয়ানডের মতো সাম্প্রতিক সময়ে টেস্টেও বাংলাদেশ উদীয়মান শক্তির আভা ছড়াচ্ছে। ঘরের মাঠে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডকে হারানোর পর শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এরপর তো আর এই দলটাকে হালকাভাবে নেওয়া যায় না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১১ সালের প্রাপ্য টেস্ট দুটি ২০১৭ সালে হওয়ায় একদিক দিয়ে ভালোই হলো মুশফিকের দলের জন্য। ওই সময় টেস্ট দুটি হয়ে গেলে হয়তো তখনকার অস্ট্রেলিয়ান অধিনায়ক শেষ কথাগুলো বলতেন না। বাংলাদেশও দেখত না সিরিজ জয়ের স্বপ্ন।

২০১১ সালেই বাংলাদেশে তিন ওয়ানডে আর দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু পরে ঠিক হলো, শুধু তিনটি ওয়ানডেই হবে। টেস্ট দুটি পরে কোনো এক সময়ে খেলে যাবে অস্ট্রেলিয়া। অনেক কাঠখড় পোড়ানোর পর ২০১৫ তে আসার দিন-তারিখ পাকা হলো অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তার কারণে দেশ ছাড়ার এক দিন আগে সফর বাতিল। সেই দুটি টেস্ট খেলতেই শেষ পর্যন্ত এবার এসেছে দলটা। তাও মাঝে অনিশ্চিত একটা সময় পার করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সে দেশের খেলোয়াড়দের বিরোধে সিরিজটা ঝুলে যাচ্ছিল এবারও।

আসি আসি করেও অস্ট্রেলিয়ার আসতে এই বিলম্ব বাংলাদেশকে শক্ত হওয়ার ভিত দিয়েছে। অস্ট্রেলিয়ার মতো চূড়ান্ত পেশাদার দলের বিপক্ষে বাংলাদেশ দলের সবারই এটা প্রথম টেস্ট। তবু অস্ট্রেলিয়া নামটা তাদের ওপর জুজু হয়ে চেপে বসছে না, কারণ এই দলেরই আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের অভিজ্ঞতা। আছে ওয়ানডেতে ধারাবাহিক সাফল্য। বলতে পারেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে এই সময়টাই সবচেয়ে উপযুক্ত বাংলাদেশের জন্য। বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাসের স্রোতটা যে এই সময়েই সবচেয়ে বেশি প্রবহমান!

টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে যেভাবেই হোক পাওয়া লম্বা বিরতি কাজে লেগেছে বাংলাদেশ দলের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, সাড়ে আট মাস সময় পাওয়ার পরও অন্তত চোখের দেখায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে প্রথম টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত মনে হচ্ছে না। মরা ঘাস আর ঘাসের ফাঁকে ফাঁকে উঁকি দেওয়া মাটির অস্তিত্ব শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচাকে করে রেখেছে বিবর্ণ। আবহাওয়ার পূর্বাভাস ভয় পাইয়ে দিচ্ছে আরও। প্রথম টেস্টজুড়েই থাকতে পারে বৃষ্টির উৎপাত। সেটি সবচেয়ে বেশি হতে পারে ম্যাচের শেষ দুই দিন।

একটা ভয়ও তাই থাকছে। টেস্ট নিয়ে এত আলোচনা, এত রোমাঞ্চ—শেষ পর্যন্ত বৃষ্টি তাতে জল ঢেলে দেবে না তো!