বদলে যাওয়ার রহস্য জানালেন ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল, অচেনা, অবিশ্বাস্য! ছবি: প্রথম আলো
ইমরুল, অচেনা, অবিশ্বাস্য! ছবি: প্রথম আলো

লক্ষ্যের কথা আগে থেকে বলেন না ইমরুল কায়েস। এবারও বলেননি। তবে লক্ষ্য পূরণ হয়ে গেলে সেটা বলতে সমস্যা কী!

বিপিএলে ইমরুল কায়েসের লক্ষ্য ছিল সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে থাকা। ব্যাট হাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাঁহাতি ওপেনারের সাফল্য ছাপিয়ে গেছে সে লক্ষ্যকে। সেরা পাঁচে তো আছেনই, ১২ ম্যাচে দুই ফিফটিসহ ৩১২ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ রান। ৩৪৯ রান নিয়ে ইমরুলের ওপরে আছেন শুধু ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
পর পর দুই ম্যাচে শূন্য দিয়ে এবারের বিপিএল শুরু করা ইমরুল বলছিলেন, ‘প্রথম দুই ম্যাচে খারাপ করার পর মনে হচ্ছিল লক্ষ্যটা হয়তো পূরণ হবে না। হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু কোচ-অধিনায়ক আমার পাশে ছিলেন। আমারও মনে হচ্ছিল, এক ইনিংসে রান পেলেই সব ঠিক হয়ে যাবে।’
ইমরুল সম্পর্কে সাধারণ ধারণা তিনি টেস্ট। বড়জোর ওয়ানডের। টি-টোয়েন্টিতে অচল। জাতীয় দলের হয়েই টি-টোয়েন্টি খেলতে পারেননি টানা চার বছর। বিপিএলের তৃতীয় আসর সেই ধারণা বদলে দিল। শুধু দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার বলেই নয়, সেমিফাইনাল ও ফাইনালে তো তাঁর দুই ফিফটির ওপর দাঁড়িয়েই জয়ের পতাকা উড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস! ‘সবাই যখন বলে আমি টি-টোয়েন্টির ব্যাটিং পারি না, খারাপই লাগে। তবে এটাও ঠিক, আগের দুই বিপিএলে ভালো খেলিনি। সে জন্যই এবার ভালো কিছু করার ইচ্ছাটা বেশি ছিল’—বলছিলেন ইমরুল।
সে ইচ্ছা পূরণ হয়েছে ভালোভাবেই। কিন্তু ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে অভ্যস্তরাও যে উইকেটে রান পেতে ঘাম ঝরিয়েছেন সেখানে ইমরুল কীভাবে এত সফল? রহস্যের জুট খুললেন নিজেই, ‘প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় মনে হয়েছে আমি বোধ হয় একটু বেশিই আক্রমণাত্মক হতে চাচ্ছি। সে জন্য হচ্ছে না। তখন নিজেকে কিছুটা গুটিয়ে এনে আমি আমার ওয়ানডের ব্যাটিংটা করতে শুরু করি। ভালো বলে সিঙ্গেল নিয়েছি, বাজে বলে মারার চেষ্টা করেছি। এরপরই সব ঠিক হয়ে গেল।’
তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে নিজের পার্থক্যটা সম্ভবত এখানেই গড়ে নিয়েছেন সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ইমরুল। রংপুর রাইডার্সের বিপক্ষে সেমিফাইনালের উদাহরণ টেনে বললেন, ‘ওই উইকেটে ব্যাট করা খুব কঠিন মনে হচ্ছিল। চিন্তা করলাম, এখানে যদি আমি ৪০টা বল খেলতে পারি, তাহলে অন্তত কিছু রান করা সম্ভব। সময় না নিলে হবে না। তখন সেভাবে খেলা শুরু করলাম। নতুন কোনো ব্যাটসম্যান হয়তো এভাবে চিন্তা করত না। এটা খেলতে খেলতে আসে।’
শুধু রান করেছেন বলেই নয়, চার-ছক্কাতেও এবারের আসরে দুইয়ে আছেন ইমরুল। ১০টি ছক্কা মেরেছেন, ৩২টি চার। এ যেন বদলে যাওয়া ইমরুলই। কী সেই রহস্য এই বদলে যাওয়ার?
বিপিএলের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েও বাঁহাতি এই ওপেনারের আত্মবিশ্বাস টলে যায়নি মূলত কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কারণে। হতাশাজনক শুরুর পরও তাই টুর্নামেন্ট শেষ করলেন রাজার মতো। সুসময়ে ইমরুলও ভুলে যাচ্ছেন না তাঁর ওপর ছায়া হয়ে থাকাদের, “প্রথম ম্যাচের পর কোচ-অধিনায়ক আমাকে আর লিটনকে ডেকে নিয়ে রাত একটা-দেড়টা পর্যন্ত কথা বলেছেন। অভয় দিয়েছেন। বলেছেন, ‘কোনো টেনশন নেই। মন খুলে খেল। তাদের দেওয়া ওই সাহসই আমাকে এগিয়ে দিয়েছে।”
সেটা যে কতটা, তা তো বিপিএলের পরিসংখ্যানের পাতা ওল্টালেই দেখা যাচ্ছে!

আলোচিত দশ মুহূর্তে দেখে নিন বিপিএল ২০১৫
আলোচিত দশ মুহূর্তে দেখে নিন বিপিএল ২০১৫