বদলে যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিস্তর টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ওয়ানডে ক্রিকেটের বর্তমান পদ্ধতিটাও ঢেলে সাজানোর একটা উদ্যোগ নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুবাইয়ে সম্প্রতি হয়ে যাওয়া আইসিসির সদস্যদেশগুলোর প্রধান নির্বাহীদের দুই দিনব্যাপী কর্মশালায় আলোচনার অন্যতম বিষয় ছিল দ্বিপাক্ষিক সিরিজগুলোকে আরও প্রাসঙ্গিক করে তোলা। সেই লক্ষ্যেই চালু হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগ। আগামী অক্টোবরে ডারবানে আইসিসির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

২০২৩ সালের বিশ্বকাপ সামনে রেখে সাজানো হতে পারে ওয়ানডে লিগের পরিকল্পনা। আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩টি দেশের প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে অন্তত একটি করে সিরিজ। শেষ পর্যন্ত সরাসরি বিশ্বকাপে কারা খেলবে, সেটা ঠিক হবে এই সিরিজগুলোর ফলের হিসাবে। যে দলগুলো সরাসরি খেলতে পারবে না, তারা পরবর্তী এক বছরে খেলবে প্লে-অফ ম্যাচ। ঠিক একই রকম কাঠামোতে হবে টি-টোয়েন্টি লিগও। তবে সিরিজগুলোয় কয়টি করে ম্যাচ থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। বলা হচ্ছে, এই পদ্ধতি চালু হলে ছোট দলগুলো আরও বেশি করে বড় দলগুলোর বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলার সুযোগ পাবে।

আবার এখন যে দলগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলে তাতে কয়টি ওয়ানডে আর কয়টি টি-টোয়েন্টি হবে, সেটি নির্দিষ্ট থাকে না। আইসিসির প্রস্তাব, প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে তিন ম্যাচের।

দ্বিস্তর টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে সরে এলেও টেস্ট ক্রিকেটের সেরা দল নির্বাচনের জন্য একটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের চিন্তাভাবনা অনেক দিন ধরেই চলছে আইসিসিতে। নতুন প্রস্তাবে এখনকার ‘এফটিপি’ মেনে চলার কথাও বলা হয়েছে। তবে প্রতি দুই বছর পরপর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল একে অপরের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়নশিপের জন্য, ওই ম্যাচটা হতে পারে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। এটি চালু হতে পারে ২০১৯ সালের দিকে। এ ছাড়া কোনো দেশ অন্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে চাইলে ওই দেশের বোর্ডের দায়িত্ব হবে অন্য দেশের বোর্ডটিকে রাজি করানো। ইএসপিএনক্রিকইনফো।