বদলের পক্ষেই লেম্যান
ক্রিকেটে চলছে দিনবদলের গান। দিবারাত্রির টেস্ট আয়োজন করে বদলে যাওয়ার প্রথম সাক্ষী হয়েছে অ্যাডিলেড। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে গোলাপি বলের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটা খুব কাছ থেকেই দেখেছেন ড্যারেন লেম্যান। দিবারাত্রির টেস্ট আয়োজনকে খোলা মনেই স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ। লেম্যান স্বাগত জানাতে প্রস্তুত আরও কিছু পরিবর্তনকেও। তিনি সমর্থন করেছেন টস বাদ দেওয়া ও চার দিনের টেস্ট আয়োজনের চিন্তাভাবনাও।
টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য টস বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগামী মৌসুমে কাউন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে টস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টস না থাকলে সফরকারী দল বেছে নেবে ব্যাটিং অথবা বোলিং। স্বাগতিক দল নিজেদের সুবিধামতো উইকেট বানিয়ে ব্যাটিং বা বোলিং বেছে নেওয়ার সুবিধা পাবে না। এ ধারণার পক্ষে আছেন স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল হোল্ডিংয়ের মতো সাবেক তারকারা। একই যুক্তিতে পরশু লেম্যানও যোগ দিলের তাঁদের দলে, ‘ক্রিকেটে অবশ্যই এ রকম হওয়া উচিত, যেখানে প্রতিপক্ষই (সফরকারী) সিদ্ধান্ত নেবে তারা কী করবে। এর ফলে স্বাগতিকেরা নিজেদের পছন্দমতো উইকেট বানানো বন্ধ করবে। অস্ট্রেলিয়ায় টস জেতা না-জেতায় কিছু এসে যায় না, কারণ এখানে উইকেট সব সময় ভালো থাকে। কিন্তু কোথাও কোথাও উইকেটই পার্থক্য গড়ে দেয়।’
টেস্ট ক্রিকেটে দর্শক আগ্রহ ধরে রাখতেই চার দিনের ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের খুব মনে ধরেছে ভাবনাটা। লেম্যানেরও সেটি অপছন্দ নয়, তবে অস্ট্রেলিয়ার কোচ চিন্তিত কীভাবে দিনে বাড়তি ওভার যোগ করা যায় তাই নিয়ে, ‘এখনকার মতো এক দিনে নিশ্চয়ই ৯০ ওভার বল হবে না। চিন্তা শুধু এটা নিয়েই। তবে যা-ই হোক না কেন আমার কোনো সমস্যা নেই। খেলাটিকে দর্শকের কাছে আরও জনপ্রিয় করাটাই আসল কথা।’ ক্রিকইনফো, নাইন এমএসএন।