বন্ধু উইকেট, বন্ধুর উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিপক্ষে হ্যাটট্রিকের পর বরিশালের আল আমিন। দিনের দ্বিতীয় ম্যাচে বোলারদের দাপট চলছেই। ছবি: প্রথম আলো
সিলেটের বিপক্ষে হ্যাটট্রিকের পর বরিশালের আল আমিন। দিনের দ্বিতীয় ম্যাচে বোলারদের দাপট চলছেই। ছবি: প্রথম আলো

একই উইকেটে দুই ম্যাচ। কিন্তু দুই ম্যাচের চিত্র দুই রকম। একটি হচ্ছে হাই-স্কোরিং ম্যাচ। আরেকটি রূপ নিচ্ছে লো-স্কোরিংয়ে। উইকেট একবার হয়ে উঠছে ব্যাটসম্যানদের জন্য বন্ধু, আরেক ম্যাচে সেটিই ‘বন্ধুর’! উইকেটের এমন রহস্যজনক আচরণের কারণ কী? 

টুর্নামেন্টের প্রথম দিনের কথাই ধরুন। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংস করল ৭ উইকেটে ১৮৭। শ্বাসরুদ্ধকর ম্যাচে ওই রান তাড়া করে জিতে গেল রংপুর। একই দিনে পরের ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া ১১১ রান তাড়া করতে ঘাম ছুটে গেল ঢাকা ডায়নামাইটসের। ঢাকা জিতল শেষ ওভারে গিয়ে।
সেদিন ঢাকা অল্পে রক্ষা পেলেও সিলেট সুপারস্টারসের ক্ষেত্রে তা হয়নি। ২৪ নভেম্বর বরিশালের বিপক্ষে ১০৮ রান তাড়া করতে গিয়ে স্নায়ুক্ষয়ী ম্যাচে সিলেট যেতে পারল ১০৭ পর্যন্ত। হারল ১ রানে! গতকাল দ্বিতীয় ম্যাচটা দেখে তো মনে হলো, রান তোলার মতো কঠিন কাজ আর নেই! বরিশাল বুলস করতে পারল মাত্র ৮৯, আর সেই লক্ষ্য ছুঁতে কিনা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে খেলতে হলো ১৮ ওভার!
গত চার দিনে প্রথম ম্যাচে গড়ে রান হয়েছে ৩৪২.৫। ইনিংস প্রতি ১৭১.২৫। দ্বিতীয় ম্যাচে গড়ে রান হয়েছে ২২৮.২৫। ইনিংস প্রতি ১১৪.১২৫! ইনিংস প্রতি ৫৭ রানের তফাৎ। পার্থক্যটি শুধু মোট রানে ভাবলে ভুল হবে। ওভার প্রতি রানেও দেখা যাচ্ছে বিশাল ফারাক। দিনের প্রথম খেলায় যেখানে ওভার প্রতি রান এসেছে ৮.৬৪ করে সেখানে দ্বিতীয় খেলাতেই ওভারপ্রতি রান নেমে আসছে ছয়েরও নিচে, ৫.৮৭!
দুই বেলার দুই খেলায় চার-ছক্কার পরিসংখ্যানেও উইকেটের ভারসাম্যহীনতার অবস্থা প্রকাশ পাচ্ছে বেশ জোরেশোরে। এখনো পর্যন্ত চার দিন খেলা হয়েছে। দিনের চারটি খেলায় সব মিলিয়ে ১১৫টি চার ও ৫৬টি ছক্কা মারা হয়েছে। আর রাতের খেলায় মারা চারের সংখ্যা মাত্র ৮০টি। আর ছক্কা মারা হয়েছে মাত্র ১৫টি। টি-টোয়েন্টি ম্যাচের ৮টি ইনিংসে মাত্র ১৫টি ছক্কা, ভাবা যায়!

দুই ম্যাচে দুই রকম স্কোরে অবশ্য মাঠের লড়াইটা জমছে বেশ। এক ম্যাচে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের দাপট, পরেরটায় দৃশ্যপটে বোলাররা। ব্যাটে-বলে লড়াই জমলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, উইকেটের কেন এমন দ্বিমুখী আচরণ? কেন এমন হচ্ছে, রাতের বেলা কি তবে উইকেটে জুজু নামছে?
কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেদের প্রথম ম্যাচেই বলেছিলেন, ‘উইকেট স্লো হয়ে যাচ্ছে।’ পরশু ১০৮ রানের লক্ষ্য দিয়েও জিতে যাওয়া বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহ উইকেটের রহস্য ব্যাখ্যা করলেন এভাবে, ‘যখন ব্যাটিং করছিলাম, উইকেট কঠিন মনে হচ্ছিল। খেয়াল করে দেখবেন, বলে মুভমেন্ট থাকছে। মন্থর হয়ে যাচ্ছে, বল স্কিড করছে। এতে বোলাররা দারুণ সহায়তা পাচ্ছে।’
বোলাররা বলতে স্পিনারদের তুলনায় পেসাররাই বেশি সাফল্য পাচ্ছেন। এ কারণে এখনো পর্যন্ত টুর্নামেন্টে সেরা পাঁচ বোলারের চারজনই পেসার (বরিশালের ইনিংস পর্যন্ত)। সন্ধ্যার পর থেকে পড়তে থাকা শিশিরের কারণে ‘ডিউ ফ্যাক্টর’ও এতে রাখছে ভূমিকা। ডিউ ফ্যাক্টরের কারণে ব্যাটসম্যানরা সাধারণত সুবিধা পেয়ে এলেও এবার হচ্ছে উল্টোটা।
সেটাই বলছিলেন ঢাকার ওপেনার শামসুর রহমান, ‘দিনের খেলাগুলোয় প্রায়ই ১৮০–র মতো রান হচ্ছে। রাতের খেলায় ১২০-১৩০ অনেক বেশি মনে হচ্ছে। কারণ, রাতের বেলায় শিশির থাকে। বল অনেক স্কিড করে, উইকেটে ধরে। রাতের উইকেটে খেলা কঠিন। দিনের বেলায় সে তুলনায় ব্যাটিং করাটা অনেক সহজ মনে হয়।’
শামসুরের অভিমতের সঙ্গে মিলে যায় সাকিব আল হাসানের মন্তব্যে। দিনের চেয়ে রাতে ব্যাটিং কঠিন মনে হচ্ছে রংপুর রাইডার্সের অধিনায়কেরও, ‘দুপুরে উইকেট সতেজ থাকে। বল ভালো ব্যাটে আসে। সময় যত গড়াই, উইকেট তত মন্থর হয়। এ কারণে পরের দিকে ব্যাটিং করাটা কঠিন মনে হচ্ছে। তবে কিছু করার নেই। এর সঙ্গেই মানিয়ে নিতে হবে। যারা এ ধরনের উইকেটের সঙ্গে অভ্যস্ত, তাদের নিয়ে দলের সমন্বয় করতে হবে।’
যদিও এখনো পর্যন্ত ৭ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার তিনি। তবু সাকিব মনে করেন উইকেটের এ চরিত্রে সাফল্য পাচ্ছে মূলত পেসাররাই, ‘টুর্নামেন্টের শুরু থেকেই দিনে-রাতে পেসাররা সহায়তা পাচ্ছে। আমার ব্যাপারটা বাদ দিলে বেশির ভাগ পেসাররাই ভালো বোলিং করছে।’
উইকেটের এমন চরিত্র বদলের হয়তো আরও কারণ থাকতে পারে। তবে রাতে শিশির যে গুরুত্বপূর্ণ নিয়ামক, এটা নিশ্চিত। এ কারণে চট্টগ্রামের ম্যাচগুলো আরেকটু আগে শুরুর প্রস্তাব দিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটি।