বন্ধু তুমি, 'শত্রু' তুমি

‘১০-১২ বছর তো হবেই...’, বলতে বলতে পাশেই বসা সাব্বিরের দিকে তাকালেন নাসির। সাব্বিরও একটু ভেবে সায় দিলেন মাথা ঝুঁকিয়ে। আরেকটু যোগ করলেন নাসির, ‘অনূর্ধ্ব-১৩ থেকেই তো একসঙ্গে খেলছি দুজন।’
ওই ১০-১২ বছর দুজনের বন্ধুত্বের বয়স। এমনিতেই দুজনের মিলের শেষ নেই। সনদ অনুযায়ী ১৯৯১ সালের নভেম্বরে এক সপ্তাহ আগে-পরে পৃথিবীর আলো দেখেছেন দুজন। সাব্বির ৮ দিনের বড়। দুজনই উত্তরবঙ্গের। বয়সভিত্তিক ক্রিকেটে একসঙ্গে শুরু। যদিও পরে অনেকটা এগিয়ে যান নাসির। চারিত্রিক বৈশিষ্ট্যে মিল অনেক, দুজনই আমুদে। সাব্বিরের চরিত্রের আমুদে দিকটা অবশ্য নিজস্ব জগতেই সীমাবদ্ধ, বাইরে ততটা ফুটিয়ে তোলেন না। হয়তো সচেতনভাবেই। নাসির আবার নিজস্ব বলয়ের বাইরেও একই রকম। কালও সংবাদ সম্মেলনে নাসির হাসলেন, হাসালেন অনেক। খই ফোটালেন কথার। পাশে বসেই আবার অনেক পরিমিত বন্ধু সাব্বির।
দুজনের সবচেয়ে বড় মিল ক্রিকেটীয় ধরনে। একই জায়গায় ব্যাট করেন, ব্যাটিংয়ের ধরনেও আছে মিল। রানিং বিটুইন দ্য উইকেটে ক্ষিপ্র দুজনই, ব্যাটিংয়ের পাশাপাশি করেন স্পিন বোলিং। দুজনই দুর্দান্ত ফিল্ডার। ব্যাটিংয়ে হয়তো নাসির একটু এগিয়ে, ফিল্ডিংয়ে সাব্বির। নাসিরের অফ স্পিন হয়তো একটু বেশি কার্যকর, সাব্বির আবার অফ স্পিন, লেগ স্পিন দুটোই করেন! দুই বন্ধুকে নিয়ে কঠিন এক খেলা খেলেছে অবশ্য নিয়তি। বয়সভিত্তিক ক্রিকেটের পরের পর্যায়টা দ্রুত পার হয়ে জাতীয় পর্যায়ে এসেছেন নাসির। সাব্বির আবার এই সময়টায় তাল মেলাতে পারেননি ততটা। নিজে গুছিয়ে যখন জাতীয় দলে সুযোগ পেলেন, সেটা সেই নাসিরের বদলেই! হাল না ছেড়ে নাসিরও নিজের জায়গার দাবি নিয়ে ফিরেছেন দ্রুতই। এখন দুজন মুখোমুখি একাদশে জায়গা নিয়ে। দুই বন্ধু এখন প্রতিদ্বন্দ্বী!
জমজমাট এই চিত্রনাট্য পানসে করে দিতে চাইলেন দুজনই। সাব্বির লাজুক মুখে বললেন, ‘আমরা পরস্পরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। একাদশ নির্বাচন তো আমাদের হাতে নেই। সেটা যাঁদের করার তাঁরাই করবেন। আমাদের কাজ ভালো খেলে যাওয়া। আমরা দলকে জেতাতে চাই। দল জিতলেই খুশি।’ পাশ থেকে নাসির নিজের মতো করেই যোগ করলেন, ‘এভাবে বললে তো আসলে বাকি ১৩ জনের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা আমাদের!’
একই জায়গায় ব্যাট করেন, বিশ্বকাপে দুজনের লক্ষ্যও প্রায় একই। সুনির্দিষ্ট লক্ষ্য আসলে নেই! ‘যেখানে ব্যাটিং করি, সেখান থেকে নিজের লক্ষ্য ঠিক করা কঠিন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের যা চাওয়া থাকবে সেটাই পূরণ করার চেষ্টা করব’—নাসিরের এই কথার প্রতিধ্বনি সাব্বিরের কণ্ঠে, ‘নিজের লক্ষ্য নেই। দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করব।’
অবশ্য অস্ট্রেলিয়ায় সেই লক্ষ্য পূরণ করা একটু কঠিন। আগে ব্যাট করুন বা পরে, বেশির ভাগ সময়ই হয়তো নাসির-সাব্বিরের কাছে দলের চাওয়া থাকবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করা। কিন্তু অস্ট্রেলিয়ার বিশাল আকারের সব মাঠে বল সীমানাছাড়া করার কাজটা অনেক কঠিন। দলে এ নিয়ে আলোচনাও হয়েছে। কোচের বাতলে দেওয়া পথের কথা জানালেন নাসির, ‘বড় মাঠের ইতিবাচক দিকও আছে। কোচ বলেছেন যে বড় মাঠ বলে অনেক গ্যাপ থাকবে। ২-৩ রান অনেক নিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেট খুব গুরুত্বপূর্ণ হবে।’
গুরুত্বপূর্ণ হবে দুজনের বোলিংও। প্রিমিয়ার লিগে এবার দারুণ বোলিং করেছেন নাসির। আন্তর্জাতিক ক্রিকেটেও জুটি ভাঙার হাত তাঁর ভালোই। বিশ্বকাপেও প্রয়োজনে হাত ঘুরিয়ে অবদান রাখতে চান দলে। সাব্বির বরাবরই ছিলেন লেগ স্পিনার। বছর দেড়েক হলো অফ স্পিনও যোগ করেছেন, ‘বৈচিত্র্যের জন্যই অফ স্পিন করি। দুটো মিলিয়ে একেক সময় একেকটা করি, ব্যাটসম্যানরা যাতে সহজে ধরতে না পারে।’
সাব্বির আবার দেশের সেরা ফিল্ডারও। বিশ্বকাপকে দেখছেন ফিল্ডিং দিয়ে বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর সুযোগ হিসেবে, ‘ফিল্ডিং আমার ভাবনায় আছে। অস্ট্রেলিয়ার মাঠগুলো ফিল্ডিংয়ের জন্য দারুণ। ফিল্ডিংয়েও ভালো কিছু করে দলে অবদান রাখতে চাই।’
একাদশে দুজনের একজনকে বেছে নিতে চুলচেরা বিশ্লেষণ হবে হয়তো এসব কিছুরই। শেষে যদি কাউকেই উপেক্ষা না করা যায়? নাসির এবার হেসে বলেন, ‘আমিও তো সেটাই বলি। দুজন একসঙ্গেই খেলব। আপনারাই প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন...!’
প্রতিদ্বন্দ্বী বানিয়েছে আসলে সময় ও পরিস্থিতি। চ্যালেঞ্জটাও তাই দুই বন্ধুরই। দুজনকেই একাদশে রাখার দাবিটা জানাতে হবে তো তাঁদেরই!