বন্ধু বেছে নিতে যেন ভুল না হয়, উপলব্ধি আমিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে দারুণ বোলিং করছেন আমির। ছবি: প্রথম আলো
বিপিএলে দারুণ বোলিং করছেন আমির। ছবি: প্রথম আলো

মানুষের জীবনে একটা পর্যায়ে পরিবারের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বন্ধু। বন্ধুর সৎ সঙ্গ আপনাকে নিয়ে যেতে পারে আলোকিত পথে। আবার অসৎ সঙ্গে আপনি হারিয়ে যেতে পারেন অন্ধকারের অতলে। এটাই উপলব্ধি মোহাম্মদ আমিরের। পেছন ফিরে তাকিয়ে পাকিস্তানি এই পেসারের মনে হয়, বন্ধু বেছে নিতে তখন বড় ভুল করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই আলো ছড়িয়েছিলেন। তারকা হয়ে উঠেছিলেন অল্প কিছু দিনের মধ্যেই। বয়স তখন ছিল মাত্র ১৭। অচেনা আঁধার থেকে এত আলোতে উঠে আসা, পাঁচ তারকা হোটেলের জীবন, আন্তর্জাতিক মিডিয়া, যশ-খ্যাতি-সবকিছু সামলে উঠতে পারেননি। বরং পা হড়কেছিলেন। চলে গিয়েছিলেন একবারে অন্ধকার পথে।
মাত্র একটা ইচ্ছাকৃত নো বল করলে কাঁড়ি কাঁড়ি পাউন্ড মিলবে-এই লোভটা সামলাতে পারেননি আমির। লোভে পাপ, পাপে মৃত্যু! পাঁচ বছরের জন্য চলে গেলেন নির্বাসনে। আমিরকে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে প্রলুব্ধ করেছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক সালমান বাট আর সতীর্থ পেসার মোহাম্মদ আসিফ। এই দুজনের সঙ্গে না মিশলে, এঁদের কথায় প্রলুব্ধ না হলে জীবন থেকে এভাবে পাঁচটা বছর হারিয়ে যেত না। একটা নো বলের বিনিময়ে যে পরিমাণ অর্থের লোভ দেখানো হয়েছিল, সৎ পথেই এই পাঁচ বছরে এর কয়েক গুণ আয় করতে পারতেন।
আজ প্রথম আলোকে দেওয়া দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকারে চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে দারুণ বোলিং করা এই পেসার বলেছেন, ‘এই পাঁচ বছরে আমি শিখেছি, জীবনে সঙ্গ অনেক বড় ব্যাপার। যাদের সঙ্গে মিশবেন বা যে পরিবেশের সঙ্গে মিশবেন, সেটা ভালো হতে হবে। একজন খেলোয়াড় তার ঘরে অনেক কম সময় কাটায়। বন্ধু-খেলোয়াড়দের সঙ্গেই বেশি সময় কাটাতে হয়। যাদের সঙ্গে বেশি সময় কাটাবেন, সেই মানুষগুলো ভালো হতে হবে। কেউ যদি আপনাকে ছোট একটা ভুল কাজও করতে বলে, সে আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এমন পরিবেশে মিশবেন, যেখান থেকে আপনার মধ্যে ইতিবাচক চিন্তা আসবে। যাদের সঙ্গে থাকলে বা যেখানে গেলে মনে বাজে চিন্তা আসে, দয়া করে সেখানে সময় নষ্ট করবেন না। সেটা করলে আপনি হয়তো আপনার জীবনটাই নষ্ট করে ফেলবেন।’
সে সময় বয়স কম ছিল। এটাও তাঁর পা হড়কানোর কারণ মনে করেন আমির, ‘আমি তখন একদম নতুন। দলে যখন আপনি নতুন আসবেন, আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকবে না, এ রকম হতে পারে। আমার জন্য জগৎটা ছিল বিশাল। বয়স অনেক কম ছিল। আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল জগতে শুরুতেই সবকিছু সামলে ওঠা খুব কঠিন। ১৭ বছরের একটা ছেলের তো জানারই কথা নয় তাকে কত কিছু সামলাতে হতে পারে!’
প্রথম আলোকে আমির বলেছেন, সে সময় নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেছে বলে মনে হয়েছিল তাঁর। কোনো আশার আলো খুঁজে পাচ্ছিলেন না। হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে আবার ফিরে এসেছেন। আমিরের আশা, একবারের এই ভুলের জন্য আজীবন দোষারোপ করা হবে না তাঁকে। নতুনভাবেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

(তারেক মাহমুদের নেওয়া বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন আগামীকাল প্রথম আলোর ছাপা সংস্করণে)