বন্ধুতার প্রীতিভোজ ডালমিয়ার

নারায়নস্বামী শ্রীনিবাসনের সঙ্গে আ হ ম মুস্তফা কামালের সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক, জগমোহন ডালমিয়া যে বাংলাদেশের বন্ধুই থাকছেন, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি গতকাল শনিবার কলকাতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করে আবারও ঝালিয়ে নিলেন বাংলাদেশের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্কটাকে। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তিতে ডালমিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করা হয় বাংলাদেশের ক্রিকেট মহলে।
শ্রীনিবাসনের সঙ্গে মুস্তফা কামালের বাজে সম্পর্ক বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে প্রভাব তৈরি করে কিনা, এ নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে এন্তার জল্পনা-কল্পনা। বিশ্বকাপের পর আইসিসির ‘চেয়ারম্যান’ শ্রীনিবাসনের সঙ্গে সভাপতি মুস্তফা কামালের যে মার-কাট সম্পর্ক, এ নিয়ে এতদিন একটি কথাও উচ্চারণ করেননি ডালমিয়া। শ্রীনিবাসনের প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তির কারণে আগামী জুনে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে গতকালকের প্রীতিভোজ সেই শঙ্কার মেঘ অনেকটাই কাটিয়ে দিল কিনা, এই আলোচনাও এখন তুঙ্গে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ডালমিয়ার এই প্রীতিভোজের অন্য দিকটা জানতেই কথা বলেছিল তাঁর ঘনিষ্ঠ মহলের সঙ্গে। এ নিয়ে তাঁর ঘনিষ্ঠজনেরা সরাসরি কোনো কিছু না বললেও স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ডালমিয়ার সম্পর্কটা অনেক পুরোনো এবং এই সম্পর্কটা দারুণভাবেই বলবৎই আছে। শ্রীনিবাসনের সঙ্গে মুস্তফা কামালের সম্পর্ক এখানে কোনো সমস্যা তৈরি করেনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল গত ১৭ বছর ধরেই পশ্চিমবঙ্গ সফর করে আসছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলও এই ‘বন্ধুত্বের’ সফরে নিয়মিতই বাংলাদেশ সফর করে। কিন্তু এবার এই সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির উপস্থিতি যে কোনো সাধারণ ঘটনা নয়, সেটার ইঙ্গিত কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গেই দিয়ে দিয়েছে।
কাল ডালমিয়ার এই প্রীতিভোজে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে কলকাতায় অবস্থানরত সাকিব এই অনুষ্ঠানে যোগ দিয়ে দারুণ কিছু সময় কাটিয়েছেন দুই বাংলার কিশোর ক্রিকেটারদের সঙ্গে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কাছেও কাল ডালমিয়ার ভোজ মধুরই মনে হয়েছে। কারণ, সিএবি অনূর্ধ্ব-১৭ দলকে তিনটি তিন দিনের ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েই কাল প্রীতিভোজে হাজির হয়েছিল তারা। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও পিটিআই।