বন্ধুত্ব ঠিক রাখার উপায়? অনলাইন লুডো খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>করোনাভাইরাসের সময়ে সব বন্ধ হয়ে আছে। ঘরে বন্দী সবাই। অনেক কিছু করেই তো নিজেদের ব্যস্ত রাখার উপায় খুঁজছেন অনেকে। ভারতের মেয়েদের দল নিজেদের মধ্যে খুনসুটিটা ধরে রাখতে অনলাইনে খেলছে লুডো।
অনলাইনে লুডো খেলে সময় কাটানো যায়। ছবি: সংগৃহীত
অনলাইনে লুডো খেলে সময় কাটানো যায়। ছবি: সংগৃহীত

বড় একা একা লাগে কি না, সেই অনুভূতি ব্যক্তিভেদে ভিন্ন। তবে করোনাভাইরাসে সব বন্ধ হয়ে থাকার এই ক্ষণে যে সময় যেন কাটে না, তা নিয়ে কোনো সংশয় নেই! আপন মানুষের সঙ্গে আনন্দ-বেদনা ভাগাভাগি, খুনসুটি, টিভি-ইউটিউব কিংবা নেটফ্লিক্সে গান-নাচ-সিরিজ কিংবা অনলাইনে নতুন কিছু শেখার চেষ্টায় কাটছে অনেকের সময়। ফেসবুক-মেসেঞ্জার তো হাতের কাছে আছেই। ভারতের মেয়েদের ক্রিকেট দল নিজেদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্কটা ঠিক রাখতে এ জায়গায় আরেকটা উপায় খুঁজে নিয়েছে—অনলাইনে লুডো খেলা!

করোনা তো বিশ্বজুড়ে জীবনই থমকে দিয়েছে, খেলাও বন্ধ। আর দশজনের মতো কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা ভারতের মেয়েদেরও এখন ঘরে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। কিন্তু নেই কাজ তো খই না ভেজে মাঝে মাঝে লুডোও খেলা যায় অনলাইনে। বিসিসিআই টিভিতে সাক্ষাৎকারে তা-ই জানিয়েছেন দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা।

‘আমরা সব বন্ধুরা মিলে অনলাইনে লুডো খেলি, যাতে আমাদের সতীর্থদের মধ্যে বন্ধুত্বের বন্ধনটা ঠিক থাকে’—সাক্ষাৎকারে বলেছেন মান্ধানা। তবে অ্যাথলেট তিনি, একেবারে শুয়ে-বসে তো থাকতে পারেন না! অন্য যেকোনো অ্যাথলেটের মতো মান্ধানাও ঘরে ফিটনেস নিয়ে কাজ করছেন বলে জানালেন, ‘ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমি ব্যায়াম করে যাচ্ছি। ট্রেনারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখি, তাঁর কাছ থেকে ফিটনেসের ব্যাপারে মতামত-পরামর্শ নিই। কী কী ব্যায়াম করতে হবে, সেগুলো তিনি অনলাইনে পাঠান আমাদের।’

২৩ বছর বয়সী ওপেনার পরিবারের সঙ্গে সময় কাটানো তো উপভোগ করছেনই, বাসায় আরও কিছু কাজ করছেন, ‘পরিবারের সবাই মিলে তাস খেলি আমরা। মাকে রান্নায় সাহায্য করি। বাসন ধোয়া এখন আমার দৈনিক কাজের অংশ হয়ে গেছে। আর ভাইকে খোঁচাতে তো সব সময় ভালো লাগে। অবসর কাটাতে আমাদের পছন্দের কাজ সেটা।’

সিনেমার পোকা মান্ধানা চলচ্চিত্রও দেখে সময় কাটাচ্ছেন। আর কী করছেন? দিনে ১০ ঘণ্টা আরামের ঘুম আছে না! তবে সব ছাপিয়ে সবার প্রতি তাঁর অনুরোধ, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখুন।’