বন্ধুর সম্পর্ক যেভাবে রূপ নিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজকে ধোনির ‘ধাক্কা’ দেওয়ার ঘটনায় কম আলোচনা হয়নি! ছবি সূত্র: গাজী টিভি
মোস্তাফিজকে ধোনির ‘ধাক্কা’ দেওয়ার ঘটনায় কম আলোচনা হয়নি! ছবি সূত্র: গাজী টিভি

এ যেন ঢাকাইয়া চলচ্চিত্রের জমজমাট কাহিনি। সিনেমার প্রথমভাগে দুই নায়কের চরম দোস্তি। কিন্তু সিনেমার মাঝপথেই বদল আসে দৃশ্য। সম্পর্কের মোড় অন্য দিকে। বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্কটা যেন এখন এ চিত্রনাট্যেই চলছে। 

শক্তিমত্তায় যত দিন দুই দল দুই মেরুতে ছিল, তত দিন মৈত্রী, বন্ধন শব্দগুলো বেশ উচ্চারিত হয়েছে। কিন্তু দুই দলের শক্তিমত্তার ব্যবধান যত কমেছে, বিশেষ করে ওয়ানডেতে যখন ভারতকে বাংলাদেশ হারাতে শিখেছে, উত্তেজনার পারদ ততই চড়েছে। দুই দল মুখোমুখি হওয়ার আগে বেড়েছে উত্তেজনার আঁচ।
ক্রিকেটে একটা সময় এই ঝাঁজটা দেখা যেত ভারত-পাকিস্তানের লড়াইয়ে। কিন্তু পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনে যাওয়া আর তাদের হতশ্রী পারফরম্যান্সে সেই উত্তেজনাটা এখন ভর করেছে বাংলাদেশ-ভারতের ম্যাচে। গত কয়েক বছরের মাঠে, মাঠের বাইরে ঘটে যাওয়া কিছু ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র।
* ২০০৭ বিশ্বকাপে অন্যতম ফেবারিট ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। সে সময় জহির খানদের চোখে চোখ রেখে কথা বলেছিলেন তরুণ তামিম-মুশফিকেরা। সেটি ছিল নতুন প্রজন্মের নবযাত্রার পূর্বাভাস।
২০১০ সালের জানুয়ারিতে টেস্ট সিরিজের আগে বাংলাদেশকে ‘অর্ডিনারি’ দল বলে আগুন জ্বালিয়ে দিলেন বীরেন্দর শেবাগ। ভারতীয় ওপেনার বললেন, ‘...এই দলটা খুবই অর্ডিনারি। ...বাংলাদেশের যা বোলিং, মনে তো হয় না আমাদের দুবার অলআউট করার সামর্থ্য তাদের আছে।’
* তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে ২০১৫ বিশ্বকাপে, মেলবোর্নের সেই কোয়ার্টার ফাইনালে। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের করা ‘নো বল’টি তুমুল আলোচনা-সমালোচনা।
* ২০১৫ সালের জুনে ভারতের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের টিভিতে প্রচার হয়েছে অতিথি দলকে ‘বাঁশ দেওয়ার’ বিজ্ঞাপন! ‘মওকা মওকা’র জবাব হিসেবে সামাজিক মাধ্যমেও ছিল দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল জবাব-পাল্টা জবাব।
* সেই সফরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির সেই ‘ধাক্কা’ নিয়েও কম কথা হয়নি।
* মাঠের এই উত্তাপে গরম হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমও। ফটোশপে তৈরি তাসকিন আহমেদের হাতে ধোনির ছিন্ন মাথা নিয়ে দুই দেশের দর্শক-সমর্থকদের মধ্যে রীতিমতো ‘সাইবার যুদ্ধ’!
* গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন-আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর বাংলাদেশের দর্শকেরা ‘ভারতীয় ষড়যন্ত্রের’ গন্ধ খুঁজে পেয়েছেন।

অথচ বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার পেছনে ভারতের ভূমিকা ছিল কতটা, সেটি নতুন করে না বললেও চলছে। কিন্তু দুই দেশের সেই উষ্ণ ক্রিকেটীয় সম্পর্কের ফল পরবর্তী সময়ে যতটা সুমিষ্ট হওয়ার কথা ছিল, তা কি হয়েছে? টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছরের মধ্যে ভারত প্রথমবারের মতো টেস্ট খেলতে আতিথেয়তা দিচ্ছে। এই দেড় যুগে কি একবারও বাংলাদেশকে ডাকতে পারত না ভারত? বাণিজ্যিক কারণটাই তাদের কাছে বড় হয়ে দাঁড়াল?
ভারতের কাছেও উত্তর আছে নিশ্চয়ই। ভারতের মাটিতে খেলার আগ্রহ সব টেস্ট খেলুড়ে দেশের। প্রতিদ্বন্দ্বিতা আর বাণিজ্যিক দিক চিন্তা করে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী দলের সঙ্গে খেলতে চাইবে। তবে আজ থেকে শুরু হায়দারবাদে বাংলাদেশ-ভারত বহুল আলোচিত টেস্টে দুই দল জয়ের জন্য মরিয়া থাকবে। সীমিত ওভারের ক্রিকেটে দুই দলের ব্যবধান অনেকটা কমে এলেও টেস্টেও বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখাটা কি বাড়াবাড়ি হবে? অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের স্মৃতিটা মনে করলে খুব একটা বাড়াবাড়ি হওয়ার কথা নয়।
জয়-পরাজয় পরে, হায়দরাবাদ টেস্টের পাঁচটা দিন বাংলাদেশ যদি হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে, দুই দলের যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে, সেটি আলাদা একটা মাত্রা পাবে। তাই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছিন্ন মস্তকে’র বীভৎস ছবি আর নয়, প্লিজ!

উইজডেন ইন্ডিয়া অবলম্বনে